Psalms 149
149:1 আলহামদুলিল্লাহ্! তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও, আল্লাহ্ভক্তদের মাহ্ফিলে তাঁর প্রশংসা-কাওয়ালী গাও।
149:2 ইসরাইল তার সৃষ্টিকর্তাকে নিয়ে আনন্দ করুক, সিয়োনের লোকেরা তাদের বাদশাহ্কে নিয়ে খুশী হোক।
149:3 তারা নাচতে নাচতে তাঁর প্রশংসা করুক, খঞ্জনি আর বীণা বাজিয়ে তাঁর উদ্দেশে প্রশংসার কাওয়ালী করুক;
149:4 কারণ মাবুদ তাঁর বান্দাদের নিয়ে আনন্দ পান; তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন।
149:5 এই সম্মান লাভ করে আল্লাহ্ভক্তেরা আনন্দ করুক; তারা নিজের নিজের বিছানায় আনন্দে কাওয়ালী করুক।
149:6 তাদের মুখে আল্লাহ্র প্রশংসা থাকুক আর হাতে থাকুক দু’দিকে ধার দেওয়া তলোয়ার,
149:7 যাতে তারা জাতিদের উপরে প্রতিশোধ নিতে পারে আর সেই সব লোকদের শাস্তি দিতে পারে,
149:8 যাতে শিকল দিয়ে তাদের বাদশাহ্দের বাঁধতে পারে, তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ী দিয়ে বাঁধতে পারে,
149:9 আর তাদের বিরুদ্ধে যে রায় লেখা হয়েছে তা কাজে লাগাতে পারে। এ সমস্তই তাঁর সব ভক্তদের গৌরব। আলহামদুলিল্লাহ্!