Library · bn

Psalms 148

148:1 আলহামদুলিল্লাহ্‌! বেহেশত থেকে তোমরা মাবুদের প্রশংসা কর; আকাশে ও মহাকাশে তাঁর প্রশংসা কর। 148:2 হে তাঁর সমস্ত ফেরেশতা, তাঁর প্রশংসা কর; হে তাঁর সমস্ত শক্তিদল, তাঁর প্রশংসা কর। 148:3 হে সূর্য ও চাঁদ, তাঁর প্রশংসা কর; হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা কর। 148:4 হে বেহেশত, তাঁর প্রশংসা কর; হে আসমানের উপরের পানি, তাঁর প্রশংসা কর। 148:5 এরা সব মাবুদের প্রশংসা করুক, কারণ তিনি হুকুম দিলেন আর এদের সৃষ্টি হল। 148:6 এদের তিনি চিরকালের জন্য ঠিক জায়গায় স্থাপন করেছেন; তিনি একটা নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না। 148:7 দুনিয়া থেকে তোমরা মাবুদের প্রশংসা কর। হে সাগরের বড় বড় প্রাণী ও সাগরের গভীর তলদেশ, তাঁর প্রশংসা কর। 148:8 হে বিদ্যুৎ ও শিলা, তুষার ও কুয়াশা আর তাঁর হুকুম পালন্তকরা ঝোড়ো বাতাস, তাঁর প্রশংসা কর। 148:9 হে সমস্ত পাহাড়-পর্বত আর ফলের গাছ ও সমস্ত এরস গাছ, তাঁর প্রশংসা কর। 148:10 হে বুনো জানোয়ার ও সমস্ত পোষ-মানা পশু আর বুকে-হাঁটা প্রাণী ও ডানাযুক্ত প্রাণী, তাঁর প্রশংসা কর। 148:11 হে দুনিয়ার বাদশাহ্‌রা এবং সমস্ত জাতি আর রাজপুরুষেরা ও দুনিয়ার শাসনকর্তারা, তাঁর প্রশংসা কর। 148:12 হে যুবক ও যুবতীরা আর বৃদ্ধ ও ছেলেমেয়েরা, তাঁর প্রসংশা কর। 148:13 এরা সবাই মাবুদের প্রশংসা করুক, কারণ একমাত্র তিনিই মহান; আসমান ও জমীনের উপরেও তাঁর গৌরব রয়েছে। 148:14 তাঁর বান্দাদের তিনি শক্তিশালী করেছেন; তা তাঁর সমস্ত ভক্তদের গৌরব, তাঁর প্রিয় জাতি ইসরাইলের গৌরব। আলহামদুলিল্লাহ্‌!