Psalms 26
26:1 হে মাবুদ, আমি যে ন্যায়পথে আছি তা তুমি দেখিয়ে দাও, কারণ আমি সৎ ভাবে চলি; আমি স্থিরভাবে মাবুদের উপর ভরসা করি।
26:2 হে মাবুদ, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ কর; আমাকে পরীক্ষা করে দেখ, আর আমার অন্তর ও মনের খাদ বের করে ফেল;
26:3 কারণ সব সময় তোমার অটল মহব্বত আমার চোখের সামনে রয়েছে; তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করি।
26:4 আমি ঠগদের সংগে থাকি না, আর ভণ্ডদের সংগে ওঠা-বসা করি না।
26:5 যারা খারাপ কাজ করে তাদের দলকে আমি ঘৃণা করি; আমি দুষ্টদের সংগে বসতে রাজী নই।
26:6 হে মাবুদ, আমি নির্দোষ অবস্থায় হাত ধুয়ে ফেলব আর তোমার কোরবানগাহের চারপাশে ঘুরে আসব,
26:7 যাতে চিৎকার করে আমি তোমাকে শুকরিয়া জানাতে পারি, আর তোমার সমস্ত অলৌকিক কাজের কথা বলতে পারি।
26:8 হে মাবুদ, যে ঘরে তুমি বাস কর, তোমার মহিমা যেখানে থাকে, সেই জায়গা আমি ভালবাসি।
26:9 গুনাহ্গারদের দলে তুমি আমাকে ফেলো না; যারা রক্তপাত করতে ভালবাসে তাদের সংগে আমাকে মেরে ফেলো না।
26:10 তাদের হাতে রয়েছে খারাপীর পরিকল্পনা, তাদের ডান হাত ঘুষে ভরা।
26:11 কিন্তু আমি সৎ ভাবে চলাফেরা করি; আমাকে তাদের হাত থেকে মুক্ত কর, আর আমার প্রতি রহমত কর।
26:12 আমি সমান জায়গায় দাঁড়িয়ে আছি; আমি সকলের সামনেই মাবুদের প্রশংসা করব।