Psalms 27
27:1 মাবুদই আমার নূর ও আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? মাবুদই আমার জীবনের কেল্লা, আমি কাকে দেখে ভয়ে কাঁপব?
27:2 দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উচোট খেয়ে পড়ে যায়।
27:3 সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে, তবুও আমার মনে ভয় হবে না; যদি আমার বিরুদ্ধে যুদ্ধও শুরু হয় তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব।
27:4 মাবুদের কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি; আমি যা চাইছি তা এই- আমার সারা জীবন আমি যেন মাবুদের ঘরে বাস করতে পারি, যাতে আমি তাঁর সৌন্দর্য দেখতে পারি আর সেই বাসস্থানে তাঁর বিষয় নিয়ে ধ্যান করতে পারি;
27:5 কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়ে তিনি আমাকে নিরাপদে রাখবেন, তাঁর সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন, আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন।
27:6 যে সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছে তাদের চেয়ে তখন আমার সম্মান বাড়বে; আমি তাঁর ঘরে আনন্দে চিৎকার করতে করতে বিভিন্ন কোরবানী দেব; আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব আর তাঁর প্রশংসা-কাওয়ালী গাইব।
27:7 হে মাবুদ, আমি ডাকলে তুমি শুনো, আমার প্রতি রহমত কোরো, আমার ডাকে সাড়া দিয়ো।
27:8 আমার অন্তর তোমার এই কথাই বলছে, “তোমরা আমাকে ডাক।” হে মাবুদ, তাই আমি তোমাকে ডাকব।
27:9 তোমার মুখ তুমি আমার কাছ থেকে ফিরিয়ে রেখো না, রাগ করে তোমার গোলামকে তুমি ফিরিয়ে দিয়ো না; তুমিই তো আমার সাহায্যকারী হয়ে আসছ। হে আল্লাহ্, আমার উদ্ধারকর্তা, আমাকে ছেড়ে যেয়ো না, আমাকে ত্যাগ কোরো না।
27:10 আমার মা-বাবা আমাকে ত্যাগ করলেও মাবুদ আমার ভার নেবেন।
27:11 হে মাবুদ, তোমার পথ আমাকে দেখিয়ে দাও; আমার শত্রুদের দরুন সমান পথে আমাকে চালিয়ে নিয়ে যাও।
27:12 আমার শত্রুদের ইচ্ছার কাছে আমাকে ছেড়ে দিয়ো না, কারণ মিথ্যা সাক্ষীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; তাদের নিঃশ্বাসের সংগে বের হচ্ছে জুলুম।
27:13 মাবুদের দেওয়া মেহেরবানী আমি জীবিতদের মধ্যেই দেখতে পাব- এ কথা যদি আমি বিশ্বাস না করতাম তবে আমার কি হত?
27:14 তোমরা মাবুদের উপর আশা রাখ; মনে শক্তি আন ও সাহসে বুক বাঁধ আর মাবুদের উপর আশা রাখ।