Library · bn

Psalms 29

29:1 হে ফেরেশতারা, তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর, ঘোষণা কর মাবুদের গৌরব ও কুদরত। 29:2 তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর; তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর। 29:3 পানির উপরে মাবুদের গলার আওয়াজ শোনা যায়; বাজ পড়ার শব্দে গৌরবময় আল্লাহ্‌ গর্জন করেন; সমস্ত পানির উপরে বাজের শব্দে রয়েছে মাবুদের গর্জন। 29:4 মাবুদের গলার আওয়াজ কুদরতে পূর্ণ, মহিমায় পূর্ণ সেই আওয়াজ। 29:5 সেই আওয়াজ এরস গাছও ভেংগে ফেলে; মাবুদ লেবাননের এরস গাছ টুকরা টুকরা করেন। 29:6 তিনি লেবানন পাহাড়শ্রেণীকে বাছুরের মত নাচান, আর সিরিয়োণ পাহাড়কে নাচান বুনো ষাঁড়ের বাচ্চার মত। 29:7 মাবুদের গলার আওয়াজে আকাশে বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়। 29:8 সেই আওয়াজে মরুভূমি কেঁপে ওঠে; মাবুদ কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলেন। 29:9 তাঁর গলার আওয়াজে হরিণীরা বাচ্চা দেয় আর বনের ডাল ও পাতা পড়ে যায়; তাঁর বাসস্থানে সবার মুখে রয়েছে, “তিনি গৌরবময়।” 29:10 মহাবন্যার পানি মাবুদের অধীনে ছিল; তিনি চিরকালের বাদশাহ্‌, তিনি সিংহাসনে আছেন। 29:11 মাবুদ তাঁর বান্দাদের শক্তির যোগান দেবেন; শান্তি দান করে তিনি তাদের দোয়া করবেন।