Psalms 30
30:1 হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমিই আমাকে উঠিয়ে এনেছ; আমার শত্রুদের তুমি আমার বিরুদ্ধে আনন্দ করতে দাও নি।
30:2 হে আল্লাহ্, আমার মাবুদ, সাহায্যের জন্য আমি তোমাকে ডেকেছিলাম আর তুমি আমাকে সুস্থ করে তুলেছ।
30:3 হে মাবুদ, তুমি আমাকে কবর থেকে তুলে এনেছ; তুমিই আমাকে বাঁচিয়ে রেখেছ যেন সেই গর্তে আমাকে নেমে যেতে না হয়।
30:4 হে মাবুদের ভক্তেরা, তোমরা তাঁর উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর পবিত্রতার প্রশংসা কর;
30:5 কারণ তাঁর রাগ বেশীক্ষণ থাকে না; তাঁর রহমতে জীবন পাওয়া যায়। কেবল রাতটুকু কাটে কান্নায়, কিন্তু ভোর বেলাতেই আসে আনন্দ।
30:6 সুখের দিনে আমি বলেছিলাম, কেউ আমাকে নাড়াতে পারবে না।
30:7 হে মাবুদ, তুমি রহমত করে আমার রাজ্য অটল রেখেছ, কিন্তু যখন তুমি মুখ ফিরালে তখন আমি ভীষণ ভয় পেলাম।
30:8 হে মাবুদ, তোমাকেই আমি ডেকেছিলাম; আমার মালিকের কাছে আমি মিনতি করে বলেছিলাম,
30:9 “আমার মরণে কিংবা কবরে যাওয়াতে কি লাভ? ধুলা কি তোমার প্রশংসা করবে কিংবা তোমার বিশ্বস্ততা প্রচার করবে?
30:10 হে মাবুদ, শোন, আমার প্রতি রহমত কর; হে মাবুদ, তুমি আমাকে সাহায্য কর।”
30:11 শোক প্রকাশের অনুষ্ঠান থেকে তুমি আমাকে নাচের উৎসবে এনেছ; শোকের চট খুলে নিয়ে তুমি আমাকে আনন্দের সাজ পরিয়েছ,
30:12 যাতে আমার অন্তর নীরব না থাকে বরং তোমার উদ্দেশে কাওয়ালী গায়। হে আল্লাহ্, আমার মাবুদ, আমি চিরকাল তোমার শুকরিয়া আদায় করব।