Library · bn

Psalms 31

31:1 হে মাবুদ, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি; আমাকে কখনো লজ্জায় পড়তে দিয়ো না; তোমার ন্যায়বিচারের জোরে আমাকে তুমি রক্ষা কর। 31:2 আমার কথায় কান দাও; আমাকে উদ্ধার করতে তুমি তাড়াতাড়ি এস। আমাকে রক্ষা করার জন্য তুমি আমার আশ্রয়-পাহাড় হও আর আমার কেল্লা হও। 31:3 তুমিই আমার আশ্রয়-পাহাড় ও আমার কেল্লা; তোমার সুনাম রক্ষার জন্য আমাকে তুমি পথ দেখাবে আর চালিয়ে নিয়ে যাবে। 31:4 আমার জন্য গোপনে পেতে রাখা জাল থেকে তুমি আমাকে উদ্ধার করবে, কারণ তুমিই তো আমার আশ্রয়। 31:5 আমি তোমার হাতেই আমার রূহ্‌ তুলে দিলাম, কারণ হে আল্লাহ্‌, বিশ্বস্ত মাবুদ, তুমিই আমাকে মুক্ত করেছ। 31:6 যারা অসার মূর্তিকে ভক্তি করে আমি তাদের ঘৃণা করি; কিন্তু আমি মাবুদের উপর ভরসা করি। 31:7 তোমার অটল মহব্বত পেয়েছি বলে আমি আনন্দ করব, খুশী হব; কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ, আর আমার কষ্টের কথা জান। 31:8 তুমি শত্রুদের হাতে আমাকে আট্‌কে রাখ নি, বরং একটা খোলা জায়গায় আমাকে দাঁড় করিয়েছ। 31:9 হে মাবুদ, আমাকে রহমত দান কর, কারণ আমি কষ্টের মধ্যে আছি; দুঃখে আমার চোখ ও আমার দেহ-মন দুর্বল হয়ে পড়ছে। 31:10 যন্ত্রণায় আমার জীবন গেল, আর কোঁকাতে কোঁকাতে বয়স গেল; অন্যায় করার দরুন আমার শক্তি কমে যাচ্ছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়ছে। 31:11 শত্রুরা আমাকে ঘৃণার পাত্র করে তুলেছে, বিশেষ করে আমার সংগীদের কাছে তা করেছে। পরিচিত লোকদের কাছে আমি ভয়ের পাত্র; লোকে আমাকে রাস্তায় দেখে পালিয়ে যায়। 31:12 মরা মানুষকে লোকে যেমন ভুলে যায় তেমনি করেই তারা আমাকে ভুলে গেছে; আমি যেন একটা ভাংগা পাত্র। 31:13 আমার সম্বন্ধে অনেকের নিন্দার কথা আমার কানে এসেছে, আমার চারদিকে ভীষণ ভয়। ওরা আমার বিরুদ্ধে একসংগে পরামর্শ করছে, আমাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করছে। 31:14 কিন্তু হে মাবুদ, তোমার উপরে আমি ভরসা করে আছি; আমি বলি, “তুমিই আমার আল্লাহ্‌।” 31:15 তোমার হাতেই তো আমার জীবনের সব কিছু; যারা আমাকে তাড়া করে আসছে সেই শত্রুদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। 31:16 তোমার গোলামের উপর তোমার রহমত আলোর মত করে পড়ুক; তোমার অটল মহব্বতে তুমি আমাকে রক্ষা কর। 31:17 হে মাবুদ, আমি তো তোমাকে ডেকেছি, তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না; দুষ্ট লোকেরা বরং লজ্জায় পড়ুক, তারা নীরব হয়ে কবরে পড়ে থাকুক। 31:18 অহংকার ও ঘৃণার ভাব নিয়ে যারা আল্লাহ্‌ভক্তদের বিরুদ্ধে অসম্মানের কথা বলে, তাদের মিথ্যাবাদী মুখ বন্ধ হয়ে যাক। 31:19 তুমি যে মেহেরবানী করেছ তা কত মহান! যারা তোমাকে ভয় করে তাদের জন্য তুমি তা তুলে রেখেছ; তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের তুমি সেই মেহেরবানী করে থাক, আর তা কর সকলের সামনে। 31:20 তুমি তাদের তোমার আড়ালে রেখে মানুষের ষড়যন্ত্র থেকে লুকিয়ে রাখ; ঝগড়া-বিবাদের ঝাপ্‌টা থেকে তোমার আশ্রয়ে তাদের সরিয়ে রাখ। 31:21 সমস্ত প্রশংসা মাবুদের। ঘেরাও করা শহরের মধ্যে তাঁর অটল মহব্বত আশ্চর্যভাবে তিনি আমাকে দেখিয়েছিলেন। 31:22 আমি ভয় পেয়ে বলেছিলাম, “তোমার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি”; কিন্তু সাহায্যের জন্য যখন আমি তোমাকে ডেকেছিলাম তখন তুমি আমার মিনতি শুনেছিলে। 31:23 হে সমস্ত আল্লাহ্‌ভক্ত লোক, তোমরা মাবুদকে মহব্বত কোরো। মাবুদই বিশ্বস্তদের রক্ষা করেন কিন্তু অহংকারীদের তিনি পুরোপুরি শাস্তি দেন। 31:24 তোমরা যারা মাবুদের উপর ভরসা করে আছ তোমরা মনে শক্তি আন ও সাহসে বুক বাঁধো।