Library · bn

Psalms 33

33:1 হে আল্লাহ্‌ভক্ত লোকেরা, মাবুদের বিষয় নিয়ে তোমরা আনন্দ-কাওয়ালী গাও; তাঁর গুণগান করা খাঁটি লোকদেরই কাজ। 33:2 বীণা বাজিয়ে মাবুদের শুকরিয়া আদায় কর; তাঁর উদ্দেশে দশ তারের বীণা বাজাও। 33:3 তাঁর উদ্দেশে নতুন কাওয়ালী গাও, পাকা হাতে বাজনা বাজাও আর আনন্দে চিৎকার কর। 33:4 মাবুদের কালাম সত্য, তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত। 33:5 মাবুদ ন্যায় কাজ ও ন্যায়বিচার ভালবাসেন; সারা দুনিয়া জুড়ে আছে তাঁর অটল মহব্বত। 33:6 মাবুদের কালামে আসমান তৈরী হয়েছে; তার মধ্যেকার সব কিছু তৈরী হয়েছে তাঁর মুখের শ্বাসে। 33:7 তিনি সমুদ্রের পানি জড়ো করে ঢিবি করেন, আর বিভিন্ন ভাণ্ডারে সেই গভীর পানি রাখেন। 33:8 দুনিয়ার সব লোক মাবুদকে ভয় করুক, বিশ্বের সবাই তাঁর ভয়ে কাঁপুক; 33:9 কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল; তিনি হুকুম দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল। 33:10 সব জাতির পরিকল্পনা মাবুদই অকেজো করেন; তাদের চিন্তাগুলো তিনিই বিফল করেন। 33:11 কিন্তু মাবুদের পরিকল্পনা চিরকাল টিকে থাকে; তাঁর মন যুগ যুগ ধরেই স্থির থাকে। 33:12 ধন্য সেই জাতি, যার মাবুদ আল্লাহ্‌; ধন্য সেই লোকেরা, যাদের তিনি নিজের সম্পত্তি হিসাবে বেছে নিয়েছেন। 33:13 মাবুদ বেহেশত থেকে নীচে তাকিয়ে দেখেন আর সমস্ত মানুষকে লক্ষ্য করেন। 33:14 যারা দুনিয়াতে বাস করে তাঁর বাসস্থান থেকে তিনি তাদের খেয়াল করেন। 33:15 সকলের অন্তর তিনিই গড়েন; তারা যা কিছু করে তা তিনি বুঝতে পারেন। 33:16 বড় সৈন্যদল থাকলেও কোন বাদশাহ্‌ তা দিয়ে রক্ষা পেতে পারে না; মহাশক্তি দ্বারাও কোন বীর যোদ্ধা রক্ষা পেতে পারে না। 33:17 রক্ষা পাবার জন্য ঘোড়ার উপর নির্ভর করা মিথ্যা আশা; মহাশক্তি থাকলেও ঘোড়া রক্ষা করতে পারে না। 33:18 কিন্তু মাবুদের প্রতি যাদের ভয় আছে, যারা তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে, তাদের উপর তাঁর নজর রয়েছে; 33:19 যাতে মৃত্যু থেকে তিনি তাদের রক্ষা করতে পারেন আর দুর্ভিক্ষের সময়ে বাঁচিয়ে রাখতে পারেন। 33:20 আমরা মাবুদের জন্য অপেক্ষা করছি; তিনিই আমাদের সাহায্যকারী ও আমাদের ঢাল। 33:21 হ্যাঁ, তাঁকেই ঘিরে রয়েছে আমাদের দিলের আনন্দ, কারণ আমরা তাঁর পবিত্রতার উপর ভরসা করি। 33:22 হে মাবুদ, আমাদের উপরে তোমার মহব্বত থাকুক, কারণ আমরা তোমার উপরেই আমাদের আশা রেখেছি।