Library · bn

Psalms 34

34:1 আমি সব সময় মাবুদের প্রশংসা করব; আমার মুখে তাঁর গুণগান লেগেই থাকবে। 34:2 আমি মাবুদকে নিয়ে গর্ব করব; তা শুনে দুঃখীরা আনন্দ পাবে। 34:3 তোমরা আমার সংগে মাবুদের মহিমার কথা বল; এস, আমরা একসংগে তাঁর প্রশংসা করি। 34:4 আমি মাবুদকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন; আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন। 34:5 লোকে তাঁর দিকে যখন ঈমানের চোখে চায় তখন তাদের মুখ নূরানী হয়ে ওঠে; তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না। 34:6 এই হতভাগা মাবুদকে ডাকল; তিনি তার ডাকে সাড়া দিলেন আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন। 34:7 যারা মাবুদকে ভয় করে মাবুদের ফেরেশতা তাদের চারপাশে ছাউনি ফেলেন আর তাদের রক্ষা করেন। 34:8 স্বাদ নিয়ে দেখ মাবুদ মেহেরবান; ধন্য সেই লোক, যে তাঁর মধ্যে আশ্রয় নেয়। 34:9 হে মাবুদের বান্দারা, তোমরা তাঁকে ভয় কর, কারণ যারা তাঁকে ভয় করে তাদের কোন কিছুরই অভাব হয় না। 34:10 যুব সিংহদের খাবারের অভাব হয়, তারা ক্ষুধায় কষ্ট পায়; কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলে তাদের ভাল জিনিসের অভাব হয় না। 34:11 ছেলেমেয়েরা, এস, আমার কথা শোন; আমি তোমাদের শিখাব কি করে মাবুদকে ভয় করতে হয়। 34:12 তোমাদের মধ্যে কে এই জীবন ভোগ করতে চায়? সুখভোগ করার জন্য কে অনেক দিন বেঁচে থাকতে চায়? 34:13 তাহলে সে জিভ্‌ দিয়ে খারাপ কথা না বলুক, আর ঠোঁট দিয়ে ছলনার কথা বের না করুক। 34:14 খারাপ কাজ থেকে দূরে থাক, ভাল কাজ কর; শান্তির জন্য আগ্রহী হও আর তার পিছু ছেড়ো না। 34:15 যারা ন্যায়ের পথে চলে তাদের উপরে মাবুদের চোখ আছে; তাদের ডাক শোনার জন্য তাঁর কান খোলাই রয়েছে। 34:16 যারা খারাপ কাজ করে মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান, যাতে দুনিয়ার বুক থেকে তাদের নাম মুছে যায়। 34:17 যারা ন্যায় কাজ করে মাবুদ তাদের ফরিয়াদ শোনেন; সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন। 34:18 যাদের মন ভেংগে গেছে মাবুদ তাদের কাছে থাকেন; যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন। 34:19 যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও সেই সব থেকে মাবুদই তাকে উদ্ধার করেন। 34:20 তার সব হাড় তিনিই রক্ষা করেন, সেগুলোর একটাও ভাংগা হবে না। 34:21 অন্যায়কারীর মৃত্যু হবে খারাপীর হাতে; যারা ন্যায় কাজ করে তাদের ঘৃণাকারীদের শাস্তি হবে। 34:22 মাবুদই তাঁর গোলামদের মুক্ত করেন; যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তারা কেউই শাস্তি পাবে না।