Psalms 39
39:1 আমি বললাম, “আমার চলার পথ সম্বন্ধে আমি সাবধান থাকব, যেন জিভ্ দিয়ে আমি গুনাহ্ না করি; যতক্ষণ দুষ্টেরা আমার সামনে থাকবে ততক্ষণ আমার মুখে আমি জাল্তি বেঁধে রাখব।”
39:2 কিন্তু যেই আমি মুখ বন্ধ করে চুপ করে রইলাম, যা ভাল তা-ও বললাম না, অমনি আমার মনের কষ্ট বেড়ে গেল।
39:3 আমার অন্তরে যেন জ্বালা ধরে গেল; আমি যখন মনে মনে কথা বলতে লাগলাম তখন যেন আগুন জ্বলতে লাগল। তারপর আমি বললাম,
39:4 “হে মাবুদ, কখন আমার জীবন শেষ হবে? আমি আর কতকাল বেঁচে থাকব তা আমাকে জানাও; আমার জীবন যে কত অল্প দিনের তা আমাকে বুঝতে দাও।
39:5 তুমি আমার আয়ু মাত্র চার আংগুলের সমান করেছ; তোমার চোখে আমার জীবনকাল কিছুই না। মানুষ তার পরিপূর্ণ অবস্থাতেও মাত্র একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়। [সেলা]
39:6 মানুষ আসে ছায়ার মত, যায়ও ছায়ার মত; সে মিথ্যাই চেঁচামেচি করে; সে ধন-সম্পদ জমা করে কিন্তু কে তা ভোগ করবে জানে না।
39:7 “হে মালিক, তবে আমি আর কিসের আশায় থাকব? আমার সব আশা তো তোমারই মধ্যে।
39:8 আমার সমস্ত অন্যায় থেকে তুমি আমাকে সরিয়ে নাও; যাদের বিবেক অসাড় তাদের কাছে তুমি আমাকে হাসির পাত্র করে তুলো না।
39:9 আমি চুপ করেই আছি, মুখ খুলব না, কারণ তুমিই এ সব কষ্ট হতে দিয়েছ।
39:10 আমার উপর থেকে তোমার শাস্তি তুমি সরিয়ে নাও; তোমার হাতের আঘাত খেয়ে আমি প্রায় শেষ হয়ে গেছি।
39:11 গুনাহের জন্য তুমি যখন মানুষকে কঠিন কথায় শাসন কর, তখন পোকা-মাকড়ের মত করে তাদের সৌন্দর্য তুমিই নষ্ট করে দাও; মানুষ তো একটা নিঃশ্বাস মাত্র। [সেলা]
39:12 “হে মাবুদ, তুমি আমার মুনাজাত শোন; সাহায্যের জন্য আমার এই ফরিয়াদে তুমি কান দাও; আমার চোখের পানি দেখে তুমি চুপ করে থেকো না; কারণ আমার সমস্ত পূর্বপুরুষেরা যেমন ছিলেন তেমনি আমিও দুনিয়াতে তোমার সামনে পরদেশে বাসকারীর মত আছি।
39:13 আমার উপর থেকে তোমার কড়া নজর সরিয়ে নাও, যেন চলে যাওয়ার আগে, শেষ হয়ে যাওয়ার আগে, আবার আমি খুশী হতে পারি।”