Library · bn

Psalms 38

38:1 হে মাবুদ, রাগের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না, কিংবা ক্রোধে আমাকে শাসন কোরো না; 38:2 কারণ তোমার তীরগুলো আমাকে বিঁধেছে, তোমার হাত আমাকে চেপে রেখেছে। 38:3 তোমার রাগের ফলে আমার শরীর স্বাস্থ্যহীন, গুনাহের জন্য আমার হাড়ও সুস্থ নয়। 38:4 আমার অন্যায়ের মধ্যে আমি ডুবে গেছি; তা এমন বোঝার মত হয়েছে যা আমি বইতে পারি না। 38:5 আমার বোকামির দরুন আমার ঘা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাতে পচন ধরেছে। 38:6 আমি কুঁজো হয়ে গেছি, একেবারে নূয়ে পড়েছি; সারা দিন আমি মনে দুঃখ নিয়ে বেড়াই। 38:7 আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে, আমার শরীর স্বাস্থ্যহীন। 38:8 আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেংগে পড়েছি, দিলের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। 38:9 হে মালিক, আমার সমস্ত কামনা-বাসনা তোমার জানা আছে; আমার দীর্ঘনিঃশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই। 38:10 আমার বুক ধুক্‌ধুক্‌ করছে, আমার শক্তি চলে গেছে, এমন কি, আমার চোখও আঁধার হয়ে গেছে। 38:11 আমার এই অবস্থা দেখে বন্ধু-বান্ধব ও সংগীরা আমার কাছ থেকে দূরে দূরে থাকে, এমন কি, আমার আত্মীয়-স্বজনেরাও দূরে সরে থাকে। 38:12 আমাকে যারা হত্যা করতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে; যারা আমার ক্ষতি করতে চায় তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়; সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে। 38:13 আমি যেন বধির হয়ে গেছি, কিছুই শুনি না; যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না। 38:14 যে শোনে না আর যার মুখে কোন আপত্তি নেই, আমি তার মতই হয়েছি। 38:15 হে মাবুদ, আমি তোমার দিকে চেয়ে আছি; হে আল্লাহ্‌, আমার মালিক, আমার জবাব তুমিই দেবে; 38:16 কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্‌লে যাবে তখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না, আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।” 38:17 আমি তো প্রায় পড়েই যাচ্ছি; আমার কষ্টের কথা সব সময় আমার মনে জাগছে। 38:18 আমার দোষ আমি স্বীকার করছি; আমার গুনাহের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা। 38:19 আমার শত্রুরা সতেজ ও শক্তিশালী; যারা অকারণে আমাকে ঘৃণা করে তারা অনেক। 38:20 আমি তাদের যে উপকার করি তার বদলে তারা আমার ক্ষতি করে; আমি যখন ভালোর খোঁজ করি তখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়। 38:21 হে মাবুদ, আমাকে ত্যাগ কোরো না; হে আমার আল্লাহ্‌, আমার কাছ থেকে দূরে থেকো না। 38:22 হে মালিক, আমার উদ্ধারকর্তা, আমাকে সাহায্য করতে তুমি শীঘ্র এস।