Psalms 42
42:1 হরিণ যেমন আকুলভাবে পানির ধারা কামনা করে, তেমনি করে হে আল্লাহ্, আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে।
42:2 আল্লাহ্র জন্য, জীবন্ত আল্লাহ্র জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে; কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব?
42:3 আমার চোখের পানিই আমার দিনরাতের খোরাক হয়েছে; আর এদিকে লোকে আমাকে কেবলই বলছে, “কোথায় গেল তোমার আল্লাহ্?”
42:4 কান্নায় আমি যখন নিজেকে উজাড় করি, তখন আমার মনে পড়ে কেমন করে অসংখ্য ঈদ পালনকারীদের নিয়ে আমি আনন্দ ও শুকরিয়ার চিৎকার দিতে দিতে মিছিল করে আল্লাহ্র ঘরে যেতাম।
42:5 হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? আল্লাহ্র উপরে আশা রাখ, কারণ তিনিই আমাকে উদ্ধার করেন; সেজন্য আমি আবার তাঁর প্রশংসা করব।
42:6 হে আমার আল্লাহ্, আমার প্রাণ নিরাশ হয়ে পড়েছে; তাই তো আমি জর্ডান নদীর উৎসমুখে দাঁড়িয়ে, হর্মোণ পাহাড়ের চূড়ায় আর মিৎসিয়র পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছি।
42:7 সেখানে তোমার ঝর্ণার আওয়াজ পানির গর্জনকে ডাক দিচ্ছে; আর তোমার ভেংগে-পড়া ধেয়ে-আসা ঢেউয়ের ধারা আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।
42:8 দিনে মাবুদ তাঁর অটল মহব্বত আমার উপর ঢেলে দেন; আর রাতে আমার জীবনের আল্লাহ্র কাছে আমার মুনাজাত ও তাঁর প্রশংসা-কাওয়ালী আমার সাথী হয়।
42:9 আমার আল্লাহ্র কাছে, আমার আশ্রয়-পাহাড়ের কাছে, আমি এই কথা বলব, “কেন তুমি আমাকে ভুলে গেছ? কেন আমাকে শত্রুর জুলুমে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?”
42:10 আমার শত্রুরা যখন আমাকে ঠাট্টা করে কেবলই বলতে থাকে, “কোথায় গেল তোমার আল্লাহ্?” তখন আমার অবস্থা এমন হয় যেন হাড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে।
42:11 হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? আল্লাহ্র উপরে আশা রাখ, কারণ আমি আবার তাঁর প্রশংসা করব; তিনি আমার উদ্ধারকর্তা ও আমার আল্লাহ্।