Library · bn

Psalms 47

47:1 হে সমস্ত জাতি, তোমরা হাততালি দাও; আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর। 47:2 মহান মাবুদ ভয় জাগান; গোটা দুনিয়ার উপরে তিনিই মহান বাদশাহ্‌। 47:3 অন্যান্য জাতিকে তিনি আমাদের অধীন করেন, আমাদের পায়ের তলায় তাদের রাখেন। 47:4 তিনিই আমাদের সম্পত্তি বাছাই করে রেখেছেন; তা তাঁর মহব্বতের পাত্র ইয়াকুবের গর্বের বিষয়। [সেলা] 47:5 আল্লাহ্‌ আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন, মাবুদ শিংগার ধ্বনির মধ্যে উঠে গেছেন। 47:6 আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও, প্রশংসার কাওয়ালী গাও; আমাদের বাদশাহ্‌র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও, প্রশংসার কাওয়ালী গাও। 47:7 আল্লাহ্‌ সারা দুনিয়ার বাদশাহ্‌; তাঁর উদ্দেশে এক বিশেষ রকমের প্রশংসা-কাওয়ালী গাও। 47:8 সব জাতির উপরে আল্লাহ্‌ রাজত্ব করেন; তাঁর পবিত্র সিংহাসনে তিনি বসে আছেন। 47:9 জাতিগুলোর মধ্যে যারা উঁচু পদের লোক, তারা এক জায়গায় জমায়েত হয়, ইব্রাহিমের আল্লাহ্‌র বান্দা হিসাবেই জমায়েত হয়। দুনিয়ার সব শাসনকর্তারা আল্লাহ্‌র অধীন, তিনিই সবচেয়ে মহান।