Library · bn

Psalms 50

50:1 শক্তিশালী মাবুদ, আল্লাহ্‌ মাবুদ, কথা বলেছেন; পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়ার সবাইকে তিনি ডাক দিয়েছেন। 50:2 সিয়োন থেকে, পরিপূর্ণ সৌন্দর্যের জায়গা থেকে, আল্লাহ্‌র নূর ছড়িয়ে পড়েছে। 50:3 আমাদের আল্লাহ্‌ আসছেন, তিনি মুখ খুলবেন; আগুন তাঁর আগে আগে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলবে; আর তাঁর চারপাশে ভীষণ ঝড় বইবে। 50:4 তাঁর নিজের বান্দাদের বিচারে অংশ নেবার জন্য উপরের আসমানকে তিনি ডাক দিচ্ছেন, আর ডাক দিচ্ছেন দুনিয়াকে; 50:5 তিনি বলছেন, “আমার সেই ভক্তদের আমার কাছে জমায়েত কর, যারা পশু-কোরবানীর মধ্য দিয়ে আমার স্থাপন করা ব্যবস্থা গ্রহণ করেছে।” 50:6 আসমান তাঁর ন্যায়বিচারের কথা ঘোষণা করছে, কারণ আল্লাহ্‌ নিজেই বিচারক। 50:7 “হে আমার বান্দারা, শোন, আমি কথা বলছি; হে ইসরাইল, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি; আমি আল্লাহ্‌, তোমারই আল্লাহ্‌। 50:8 তোমার পশু-কোরবানী নিয়ে আমি তোমাকে দোষী করছি না; তোমার পোড়ানো-কোরবানী সব সময়ই তো আমার সামনে রয়েছে। 50:9 তোমার গোয়ালের কোন ষাঁড়ের আমার দরকার নেই, তোমার খোঁয়াড়ের ছাগলও নয়; 50:10 কারণ বনের সব প্রাণীই আমার, অসংখ্য পাহাড়ের উপরে ঘুরে বেড়ানো পশুও আমার। 50:11 এমন কি, পাহাড়ের সব পাখীও আমার জানা আছে, মাঠের সব প্রাণীও আমার। 50:12 আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না, কারণ দুনিয়া আমার আর তার মধ্যে যা কিছু আছে সবই আমার। 50:13 তুমি কি মনে কর ষাঁড়ের গোশ্‌ত আমার খাবার? ছাগলের রক্ত কি আমি খাই? 50:14 আল্লাহ্‌র কাছে তোমার শুকরিয়াই তোমার কোরবানী হোক; সেই মহানের কাছেই তোমার সব মানত পূরণ করতে থাক। 50:15 তোমার বিপদের দিনে তুমি আমাকে ডেকো; আমি তোমাকে উদ্ধার করব আর তুমি আমাকে সম্মান করবে।” 50:16 কিন্তু আল্লাহ্‌ দুষ্ট লোকদের এই কথা বলেন, “আমার শরীয়তের কথা বলার কিংবা আমার ব্যবস্থার কথা মুখে আনার তোমার কি অধিকার আছে? 50:17 তুমি তো আমার শাসন ঘৃণা কর আর আমার কথার ধার ধারো না। 50:18 চোরকে দেখলে তুমি তাকে সায় দাও, জেনাকারীদের সংগে মেলামেশা কর। 50:19 খারাপ কথায় তোমার মুখ খোলা, তোমার জিভ্‌ ছলনার বশে থেকে কথা বলে। 50:20 তুমি বসে বসে তোমার নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলে থাক আর তার নিন্দা কর। 50:21 এ সবই তুমি করেছ, কিন্তু আমি মুখ খুলি নি; তুমি ভেবেছ আমি তোমারই মত একজন, কিন্তু আমি তোমার দোষ দেখিয়ে দেব আর তোমার সব কিছু তোমার চোখের সামনে পর পর তুলে ধরব। 50:22 “তোমরা যারা আল্লাহ্‌কে ভুলে গেছ কথাটা একবার ভেবে দেখো; তা না হলে আমি তোমাদের ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলব, তোমাদের বাঁচাবার কেউ থাকবে না। 50:23 যার জীবনে শুকরিয়াই হল তার কোরবানী সে-ই আমাকে সম্মান করে; যে আমার পথে চলে তাকে আমি উদ্ধার করব।”