Psalms 51
51:1 হে আল্লাহ্, তোমার অটল মহব্বতের জন্য আমার প্রতি দয়া কর; তোমার অসীম মমতার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ মাফ কর।
51:2 আমার সব অন্যায় তুমি ধুয়ে ফেল; আমার গুনাহ্ থেকে আমাকে পাক-সাফ কর।
51:3 আমার সব বিদ্রোহের কথা আমার চেতনায় রয়েছে; আমার গুনাহ্ সব সময় আমার মনে রয়েছে।
51:4 তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি গুনাহ্ করেছি আর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি। কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত।
51:5 হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি; গুনাহের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম।
51:6 তুমি দিলের মধ্যে সত্য দেখতে চাও; তুমিই আমার দিলের গভীরে জ্ঞান দাও।
51:7 এসোব গাছের ডাল দিয়ে তুমি আমাকে পাক-সাফ কর, তাতে আমি পাক-সাফ হব; আমাকে ধূয়ে নাও, তাতে আমি ধব্ধবে সাদা হব।
51:8 আমাকে খুশীর আওয়াজ ও আনন্দধ্বনি শুনতে দাও; তোমার চুরমার করা আমার এই হাড়গুলো আনন্দ করুক।
51:9 তুমি আমার গুনাহের দিকে চেয়ে দেখো না; আমার সমস্ত অন্যায় তুমি মাফ কর।
51:10 হে আল্লাহ্, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি কর; আমার মন আবার স্থির কর।
51:11 তোমার সামনে থেকে আমাকে দূর করে দিয়ো না; আমার মধ্য থেকে তোমার পাক-রূহ্কে নিয়ে যেয়ো না।
51:12 তোমার দেওয়া নাজাতের আনন্দ আমাকে আবার দাও; তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল কর।
51:13 তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারব, আর গুনাহ্গার লোকেরা ঘুরে তোমার দিকে ফিরবে।
51:14 হে আল্লাহ্, আমার নাজাতদাতা আল্লাহ্, খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও; তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার কাওয়ালী বেরিয়ে আসবে।
51:15 হে মালিক, আমার মুখ খুলে দাও, আমি তোমার প্রশংসা প্রচার করব।
51:16 পশু-কোরবানীতে তো তুমি খুশী হও না, হলে আমি তা দিতাম; পোড়ানো-কোরবানীতেও তুমি সন্তুষ্ট হও না।
51:17 ভাংগাচোরা অন্তরই আল্লাহ্র কবুলের যোগ্য কোরবানী; হে আল্লাহ্, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না।
51:18 তোমার মেহেরবানীর ইচ্ছায় তুমি সিয়োনের উন্নতি কর; তুমি জেরুজালেমের দেয়াল তোলার কাজ চালিয়ে যাও।
51:19 তাহলে যোগ্য মনোভাব নিয়ে দেওয়া কোরবানীতে, পোড়ানো-কোরবানীতে আর নিঃশেষে পোড়ানো-কোরবানীতে তুমি আনন্দ পাবে, আর তোমার কোরবানগাহের উপরে লোকে ষাঁড় কোরবানী দেবে।