Psalms 56
56:1 হে আল্লাহ্, আমার প্রতি রহমত কর, কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে; সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।
56:2 আমার শত্রুরা সব সময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে; অনেকে অহংকারের বশে আমার সংগে যুদ্ধ করছে।
56:3 অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর ভরসা করব।
56:4 যাঁর কালামের গুণ আমি গাই, সেই আল্লাহ্র উপরে, হ্যাঁ, সেই আল্লাহ্র উপরেই আমি ভরসা করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
56:5 তারা সব সময় আমার কথার খারাপ অর্থ করে আর আমার ক্ষতি করার মতলবে থাকে।
56:6 তারা একসংগে জমায়েত হয়, আমার জন্য ওৎ পেতে থাকে; আমাকে হত্যা করবার সুযোগের জন্য তারা আমার চলাফেরা লক্ষ্য করে।
56:7 অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না? হে আল্লাহ্, তুমি রাগে জাতিদের ধ্বংস কর।
56:8 আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান; আমার চোখের পানি দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও। এ সবই তো তোমার কিতাবে লেখা আছে।
56:9 যেদিন আমি তোমাকে ডাকব, সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে; আমি জানি আল্লাহ্ আমার পক্ষে আছেন।
56:10 আল্লাহ্, যাঁর কালামের গুণ আমি গাই, মাবুদ, যাঁর কালামের আমি গুণগান করি,
56:11 আমি তাঁর উপরেই ভরসা করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
56:12 হে আল্লাহ্, তোমার কাছে যে মানত করেছি আমি তা পূরণ করতে বাধ্য; আমি তোমার কাছে কৃতজ্ঞতা-কোরবানী দেব;
56:13 কারণ মৃত্যু থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ আর পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচিয়েছ, যাতে জীবনের আলোতে আমি আল্লাহ্র সামনে চলাফেরা করতে পারি।