Psalms 57
57:1 আমার প্রতি দয়া কর; হে আল্লাহ্, আমার প্রতি তুমি দয়া কর, কারণ তোমার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি। তোমার ডানার ছায়ার আশ্রয়ে আমি থাকব যতদিন না আমার উপর থেকে এই বিপদের ঝড় সরে যায়।
57:2 আমি আল্লাহ্তা’লাকে ডাকব; যিনি আমাকে দেওয়া তাঁর সব কথাই রক্ষা করেন আমি তাঁকেই ডাকব।
57:3 বেহেশত থেকে তাঁর সাহায্য নেমে আসবে; যারা আমাকে তাড়া করে বেড়ায় তাদের দোষের কথা বলতে তিনি ছাড়বেন না। [সেলা] আল্লাহ্র কাছ থেকে তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা নেমে আসবে।
57:4 ক্ষুধায় পাগল সিংহের মত লোকদের মাঝখানে আমি শুয়ে আছি; তাদের দাঁত যেন বর্শা আর তীর, আর জিভ্ ধারালো তলোয়ার।
57:5 হে আল্লাহ্, তোমার মহিমা আসমান ছাপিয়ে উঠুক; তোমার গৌরব সমস্ত দুনিয়ার উপরে দেখা দিক।
57:6 তারা আমার চলার পথে জাল পেতেছে; জুলুমে আমি ভেংগে পড়েছিলাম; তারা আমার পথে গর্ত খুঁড়েছে, কিন্তু তারা নিজেরাই তাতে পড়েছে। [সেলা]
57:7 হে আল্লাহ্, আমার মন স্থির আছে, টলে নি; আমি কাওয়ালী গাইব, কাওয়ালীর সুর তুলব।
57:8 হে আমার অন্তর, জেগে ওঠো; বীণা ও সুরবাহার, জেগে ওঠো; আমি ভোরকে জাগিয়ে তুলব।
57:9 হে মালিক, বিভিন্ন জাতির সামনে আমি তোমাকে শুকরিয়া জানাব, তাদের মধ্যে তোমার উদ্দেশে কাওয়ালী গাইব;
57:10 কারণ তোমার অটল মহব্বত যেন আসমান ছুঁয়েছে, তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
57:11 হে আল্লাহ্, তোমার মহিমা আসমান ছাপিয়ে উঠুক; তোমার গৌরব সমস্ত দুনিয়ার উপরে দেখা দিক।