Psalms 63
63:1 হে আল্লাহ্, তুমি আমারই আল্লাহ্, আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি; এই শুকনা পানিহীন দেশে, যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে, সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত, তোমার জন্য আমার শরীর ব্যাকুল হয়ে উঠেছে।
63:2 এই ভাব নিয়েই সেই পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি, দেখেছি তোমার কুদরত ও গৌরব।
63:3 তোমার অটল মহব্বত পাওয়া বেঁচে থাকার চাইতেও ভাল; আমার মুখ তোমার প্রশংসা করবে।
63:4 আমি সারা জীবন তোমার প্রশংসা করব; তোমার উদ্দেশে আমি হাত তুলে মুনাজাত করব।
63:5 গোশ্ত ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত; আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-কাওয়ালী গাইবে।
63:6 বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি, রাতের প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি;
63:7 কারণ তুমিই আমার সাহায্যকারী; তোমার ডানার ছায়ায় আমি কাওয়ালী গাই।
63:8 আমার প্রাণ তোমাকে আঁকড়ে ধরেছে; তোমার ডান হাত আমাকে ধরে রেখেছে।
63:9 যারা আমার জীবন শেষ করার খোঁজে থাকে তারা দুনিয়ার তলায় সবচেয়ে নীচু জায়গায় নেমে যাবে।
63:10 তলোয়ারের মুখে তাদের তুলে দেওয়া হবে; তারা হবে শিয়ালের খাবার।
63:11 বাদশাহ্ কিন্তু আল্লাহ্কে নিয়ে আনন্দ করবেন; যারা আল্লাহ্র নামে কসম খায় তারা সবাই তাঁকে নিয়েই গর্ব করবে; কিন্তু মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেওয়া হবে।