Psalms 66
66:1 দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই আল্লাহ্র উদ্দেশে আনন্দধ্বনি কর।
66:2 তাঁর প্রশংসা-কাওয়ালী গাও; তাঁকে যোগ্য প্রশংসা দান কর।
66:3 আল্লাহ্কে বল, “তোমার কাজ দেখে মনে কত ভয় জাগে। তোমার মহাশক্তির সামনে তোমার শত্রুরা নত হওয়ার ভান করবে।
66:4 দুনিয়ার সব মানুষ তোমাকে তোমার এবাদত করবে; তোমার উদ্দেশে তারা প্রশংসা-কাওয়ালী গাইবে; তারা তোমার প্রশংসার কাওয়ালী গাইবে।” [সেলা]
66:5 তোমরা এসে আল্লাহ্র কাজ দেখে যাও; মানুষের জন্য তিনি যে কাজ করেছেন তা মনে ভয় জাগায়।
66:6 তিনি সমুদ্রকে করেছিলেন শুকনা ভূমি; তারা পায়ে হেঁটে নদী পার হয়েছিল। এস, আমরা দেশের মধ্যে তাঁকে নিয়ে আনন্দ করি।
66:7 তাঁর কুদরতেই তিনি চিরকাল রাজত্ব করেন; তাঁর চোখ সব জাতির উপর রয়েছে। যারা আল্লাহ্র প্রতি বিদ্রোহী তারা নিজেদের বড় মনে না করুক। [সেলা]
66:8 সমস্ত জাতির লোকেরা, আমাদের আল্লাহ্র প্রশংসা কর; তাঁর প্রশংসার ধ্বনি যেন শোনা যায়।
66:9 তিনিই আমাদের বাঁচিয়ে রেখেছেন আর আমাদের পা স্থির রেখেছেন।
66:10 হে আল্লাহ্, তুমি আমাদের যাচাই করেছ; রূপার খাদ বের করার মত করে তুমি আমাদের পরিষ্কার করেছ।
66:11 তুমিই আমাদের জালে ফেলেছ আর আমাদের পিঠে ভীষণ বোঝা চাপিয়েছ।
66:12 তুমি আমাদের মাথার উপর দিয়ে যেন লোকদের ঘোড়ায় চড়ে যেতে দিয়েছ। আগুন আর পানির মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে, কিন্তু তুমি আমাদের পরিপূর্ণ দোয়ার মধ্যে নিয়ে এসেছ।
66:13 আমি তোমার ঘরে পোড়ানো-কোরবানী নিয়ে আসব আর তোমার কাছে আমার সব মানত পূরণ করব।
66:14 সেই সব মানতের কথা আমি মুখে বলেছি, আর বিপদের দিনে আমার মুখ তা উচ্চারণ করেছে।
66:15 আমি তোমার উদ্দেশে মোটা-তাজা পশু দিয়ে পোড়ানো-কোরবানী দেব আর তার সংগে পোড়ানো ভেড়ার সুগন্ধ কোরবানী দেব; আমি ষাঁড় ও ছাগল কোরবানী দেব। [সেলা]
66:16 তোমরা যারা আল্লাহ্কে ভয় কর তোমরা সবাই এসে শোন; তিনি আমার জন্য যা করেছেন তা আমি তোমাদের বলছি।
66:17 আমি নিজের মুখে তাঁকে ডেকেছিলাম; আমার মুখে তাঁর প্রশংসা ছিল।
66:18 আমার দিলে যদি আমি অন্যায় পুষে রাখতাম তাহলে আমার কথা দীন-দুনিয়ার মালিক শুনতেন না।
66:19 কিন্তু আল্লাহ্ যে শুনেছেন তাতে কোন ভুল নেই; তিনি আমার মুনাজাতে কান দিয়েছেন।
66:20 আল্লাহ্র প্রশংসা হোক! তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন নি কিংবা আমার প্রতি তাঁর অটল মহব্বত বন্ধ করেন নি।