Psalms 69
69:1 হে আল্লাহ্, আমাকে উদ্ধার কর, আমি যেন পানিতে ডুবে যাচ্ছি।
69:2 আমি গভীর পাঁকের মধ্যে ডুবে যাচ্ছি, সেখানে আমার দাঁড়াবার জায়গা নেই। আমি গভীর পানিতে এসে পড়েছি; বন্যা আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।
69:3 ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার গলা শুকিয়ে গেছে; আমার আল্লাহ্র জন্য চেয়ে থাকতে থাকতে আমার চোখও ঝাপ্সা হয়ে গেছে।
69:4 যারা অকারণে আমাকে ঘৃণা করে, তাদের সংখ্যা আমার চুলের চাইতেও বেশী। যারা আমাকে ধ্বংস করে ফেলতে চায় তারা খুব শক্তিশালী; তারা মিথ্যা কারণে আমার শত্রু হয়েছে। আমি যা চুরি করি নি তা-ও আমাকে ফিরিয়ে দিতে হয়েছে।
69:5 হে আল্লাহ্, তুমি তো আমার বোকামির কথা জান; আমার দোষ তোমার কাছে লুকানো নেই।
69:6 হে মালিক, আল্লাহ্ রাব্বুল আলামীন, যারা তোমার অপেক্ষায় থাকে আমার দরুন তারা যেন লজ্জা না পায়। হে ইসরাইলের মাবুদ, যারা তোমাকে জানবার জন্য আগ্রহী তারা যেন আমার দরুন অসম্মানিত না হয়।
69:7 আমি তোমার জন্যই অপমান সহ্য করেছি, অসম্মানে আমার মুখ ঢেকে গেছে।
69:8 আমার ভাইদের কাছে আমি যেন অচেনা হয়ে গেছি, মায়ের পেটের ভাইদের কাছে বিদেশী হয়েছি।
69:9 তোমার ঘরের জন্য আমার যে গভীর ভালবাসা, সেই ভালবাসাই আমার দিলকে জ্বালিয়ে তুলেছে। যারা তোমাকে অপমান করে তাদের করা সব অপমান আমার উপরেই পড়েছে।
69:10 আমার কান্না আর আমার রোজার কষ্ট আমার দুর্নামের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
69:11 আমি যখন চট পরেছি তখন লোকে আমাকে টিট্কারি দিয়েছে।
69:12 যারা শহরের দরজায় বসে তাদের মধ্যে আমাকে নিয়ে কথা ওঠে; মাতালেরা আমাকে নিয়ে গান বাঁধে।
69:13 কিন্তু হে মাবুদ, যে সময়ে তোমার রহমত পাওয়া যায় আমি সেই সময়ে তোমার কাছে মুনাজাত করছি; হে আল্লাহ্, তোমার অটল মহব্বতে তোমার উদ্ধার করার বিশ্বস্ততা দেখিয়ে আমাকে জবাব দাও।
69:14 পাঁক থেকে আমাকে উদ্ধার কর, আমাকে ডুবে যেতে দিয়ো না; আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর, উদ্ধার কর অথৈ পানির মধ্য থেকে।
69:15 বন্যা যেন আমার উপর দিয়ে বয়ে না যায়, গভীর পানি যেন আমাকে তলিয়ে না ফেলে; কবরের মুখ যেন আমার উপর বন্ধ না হয়।
69:16 হে মাবুদ, তোমার মেহেরবানীর অটল মহব্বতে আমাকে তুমি জবাব দাও; তোমার অসীম মমতায় তুমি আমার দিকে ফেরো।
69:17 তোমার গোলামের দিক থেকে তোমার মুখ তুমি ফিরিয়ে রেখো না; আমি বিপদে পড়েছি, আমাকে শীঘ্র জবাব দাও।
69:18 তুমি আমার কাছে এসে আমাকে ছাড়িয়ে নাও; তুমি আমাকে মুক্ত কর, কারণ আমার শত্রু রয়েছে।
69:19 আমি যে কত ঘৃণা, লজ্জা ও অসম্মানের পাত্র হয়েছি তা তো তুমি জান; আমার শত্রুরা সবাই তোমার সামনে রয়েছে।
69:20 ঘৃণা আমার মন ভেংগে দিয়েছে, তাতে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। আমার দুঃখে যেন অন্যে দুঃখ বোধ করে সেটাই আমি চেয়েছিলাম, কিন্তু আমি তা পাই নি। সান্ত্বনা দেবে এমন লোক আমি চেয়েছিলাম, কিন্তু তেমন কাউকে পেলাম না।
69:21 আমার খাবারে তারা বিষ দিয়েছিল আর পিপাসার সময় দিয়েছিল সিরকা।
69:22 তাদের মেজবানীর উৎসবগুলো ফাঁদ হোক, আর নিরাপদে থাকার ভাবটাই হোক তাদের জালের ফাঁদ।
69:23 তাদের চোখ অন্ধ হোক যেন তারা দেখতে না পায়, আর সব সময় তাদের কোমরে খিঁচুনি ধরে যাক।
69:24 তোমার রাগে তুমি তাদের বকুনি দাও; তোমার জ্বলন্ত গজব তাদের ধরে ফেলুক।
69:25 তাদের থাকার জায়গা খালি হয়ে পড়ে থাকুক; তাদের তাম্বুতে বাস করার কেউ না থাকুক।
69:26 তুমি যাকে শাস্তি দিয়েছ তারা তাকেই জুলুম করেছে; যাদের তুমি আঘাত করেছ তাদের যন্ত্রণাই হল তাদের আলোচনার বিষয়।
69:27 অন্যায়ের উপর তাদের অন্যায় করে যেতে দাও; তারা যেন তোমার দেওয়া নাজাতের ভাগ না পায়।
69:28 জীবিতদের তালিকা থেকে তাদের নাম যেন মুছে যায়, আল্লাহ্ভক্তদের তালিকায় যেন তাদের নাম না থাকে।
69:29 আমি দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি; হে আল্লাহ্, তুমি আমাকে উদ্ধার করে তাদের নাগালের বাইরে রাখ।
69:30 আমি কাওয়ালী গেয়ে আল্লাহ্র প্রশংসা করব; কৃতজ্ঞতার মধ্য দিয়ে তাঁর গৌরব করব।
69:31 বলদ এবং শিং ও খুরযুক্ত ষাঁড় কোরবানীর চেয়ে তা মাবুদকে বেশী সন্তুষ্ট করবে।
69:32 তা দেখে নম্র লোকেরা খুশী হবে; তোমরা যারা আল্লাহ্কে জানবার জন্য আগ্রহী, তোমরা বেঁচে থাক।
69:33 মাবুদ অভাবীদের কথা শোনেন; তাঁর বান্দারা, যারা বন্দীদশায় আছে, তাদের তিনি নীচু চোখে দেখেন না।
69:34 আসমান ও জমীন তাঁর প্রশংসা করুক; সমুদ্র ও তার মধ্যে ঘুরে বেড়ানো সব প্রাণী তাঁর প্রশংসা করুক;
69:35 কারণ আল্লাহ্ সিয়োনকে উদ্ধার করবেন, এহুদার শহরগুলো আবার গড়বেন; তখন তাঁর বান্দারা সেখানে বাস করবে আর তার অধিকারী হবে।
69:36 তাঁর গোলামদের বংশের লোকেরাই তা অধিকার হিসাবে পাবে, আর যারা তাঁকে মহব্বত করে তারাই সেখানে বাস করবে।