Library · bn

Psalms 68

68:1 আল্লাহ্‌ উঠুন, তাঁর শত্রুরা ছড়িয়ে পড়ুক আর তাঁর বিপক্ষেরা তাঁর সামনে থেকে পালিয়ে যাক। 68:2 ধোঁয়ার মত করে তুমি তাদের উড়িয়ে দাও; আগুনের সামনে গলে যাওয়া মোমের মত দুষ্টেরা আল্লাহ্‌র সামনে ধ্বংস হয়ে যাক। 68:3 কিন্তু আল্লাহ্‌ভক্তেরা খুশী হোক আর আল্লাহ্‌র সামনে আনন্দ করুক; তারা খুশীতে আনন্দ করুক। 68:4 আল্লাহ্‌র উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা-কাওয়ালী গাও; মরুভূমির মধ্য দিয়ে যিনি রথে চড়ে আসছেন তাঁর জন্য উঁচু পথ তৈরী কর; তাঁর নাম মাবুদ, তাঁর সামনে আনন্দ কর। 68:5 আল্লাহ্‌ তাঁর পবিত্র বাসস্থানে এতিমদের পিতা আর বিধবাদের পক্ষ গ্রহণকারী। 68:6 নিজের বলতে যার কেউ নেই তাকে তিনি নিজের পরিবারের লোক করে তোলেন; বন্দীদের তিনি মুক্ত করে উন্নতির মধ্যে নিয়ে যান, কিন্তু বিদ্রোহীরা রোদে পোড়া জমিতে বাস করে। 68:7 হে আল্লাহ্‌, তুমি যখন মরুভূমির মধ্য দিয়ে তোমার বান্দাদের আগে আগে গিয়েছিলে, [সেলা] 68:8 তখন দুনিয়া কেঁপে উঠেছিল আর আকাশ বৃষ্টি ঢেলেছিল। এ সব হয়েছিল আল্লাহ্‌র সামনে, তুর পাহাড়ের সেই আল্লাহ্‌র সামনে, আল্লাহ্‌রই সামনে, ইসরাইলের আল্লাহ্‌র সামনে। 68:9 হে আল্লাহ্‌, তুমি প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিলে; শুকিয়ে ওঠা তোমার দেশকে তুমি সতেজ করে তুলেছিলে। 68:10 তোমার নিজের লোকেরা তার মধ্যে বাসস্থান করেছিল; তোমার মেহেরবানীর ইচ্ছায়, হে আল্লাহ্‌, তুমি তাদের অভাব মিটিয়েছিলে। 68:11 দীন-দুনিয়ার মালিক লোকদের হুকুম দেন; সুসংবাদ ঘোষণাকারী স্ত্রীলোকেরা সংখ্যায় অনেক। 68:12 ঐ স্ত্রীলোকেরা বলে, “সৈন্যদলের বাদশাহ্‌রা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আর ঘরে থাকা স্ত্রীলোকেরা লুটের মাল ভাগ করে নিচ্ছে। 68:13 চারপাশে ভেড়ার খোয়াড়ের মাঝখানে তোমরা যখন শুয়ে থাক, তখন তোমাদের এমন ঘুঘুর মত দেখতে লাগে যার ডানা রূপায় ঢাকা আর পালক সোনায় মোড়ানো। 68:14 সর্বশক্তিমান আল্লাহ্‌ যখন দেশের মধ্যে বাদশাহ্‌দের ছড়িয়ে দিলেন তখন সল্‌মোন পাহাড়ের উপর বরফ পড়ছিল।” 68:15 বাশনের পাহাড়ের সারি অনেকখানি জায়গা জুড়ে রয়েছে; তার অনেকগুলো চূড়া। 68:16 ওহে অনেক চূড়ার পাহাড়, আল্লাহ্‌ যে পাহাড়কে নিজে থাকার জন্য বেছে নিয়েছেন তুমি হিংসার চোখ নিয়ে কেন তার দিকে চেয়ে আছ? সেটাই তো মাবুদের চিরকালের বাসস্থান। 68:17 আল্লাহ্‌র রথ হাজার হাজার, লক্ষ লক্ষ; দীন-দুনিয়ার মালিক সেগুলোর মধ্যে পবিত্র জায়গায় আছেন, যেমন তিনি তুর পাহাড়ে ছিলেন। 68:18 যখন তুমি বেহেশতে উঠলে তখন পরাজিত বন্দীদের চালিয়ে নিয়ে গেলে। লোকদের মধ্যে, এমন কি, বিদ্রোহীদের মধ্যে থাকার সময় তোমার কাছে অনেক দান এসেছিল, যাতে তুমি, হে আল্লাহ্‌ মাবুদ, তাদের মধ্যে থাকতে পার। 68:19 দীন-দুনিয়ার মালিকের সমস্ত প্রশংসা হোক। তিনি প্রতিদিনই আমাদের বোঝা বইছেন; তিনিই আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌। [সেলা] 68:20 আমাদের আল্লাহ্‌ এমন আল্লাহ্‌ যিনি উদ্ধার করেন; আল্লাহ্‌ মালিক মৃত্যু থেকে রক্ষা করেন। 68:21 আল্লাহ্‌ নিঃসন্দেহে তাঁর শত্রুদের মাথা চুরমার করে দেবেন; যারা গুনাহে পড়ে থাকে সেই সব লোকদের চুলে ভরা মাথা তিনি চুরমার করে দেবেন। 68:22 দীন-দুনিয়ার মালিক বললেন, “আমি বাশন দেশ থেকে তাদের নিয়ে আসব; সমুদ্রের তলা থেকে তাদের তুলে আনব, 68:23 যাতে তোমার পা তোমার শত্রুদের রক্ত দলে যায় আর তোমার কুকুরগুলো যেন তা ইচ্ছামত চেটে খেতে পারে।” 68:24 হে আল্লাহ্‌, লোকে তোমার ঈদ-যাত্রা দেখেছে, দেখেছে পবিত্র জায়গার দিকে আমার আল্লাহ্‌র যাত্রা, যিনি আমার বাদশাহ্‌। 68:25 প্রথমে যাচ্ছে কাওয়ালেরা, তাদের পিছনে যাচ্ছে বাজনা বাদকেরা; খঞ্জনি-বাজানো মেয়েদের মাঝখানে তারা চলেছে। 68:26 তোমাদের সব মাহ্‌ফিলের মধ্যে আল্লাহ্‌র প্রশংসা কর; তোমরা যারা ইসরাইল-বংশের লোক, তোমরা মাবুদের প্রশংসা কর। 68:27 সবার ছোট যে বিন্‌ইয়ামীন, ঐ যাচ্ছে তার বংশ, যাদের হাতে আছে রাজদণ্ড; ঐ যে এহুদার নেতারা, যারা দলে ভারী; ঐ যে সবূলূনের নেতারা আর ঐ যায় নপ্তালির নেতারা। 68:28 তোমার আল্লাহ্‌র কাছ থেকে তোমার শক্তি এসেছে। হে আল্লাহ্‌, তোমার শক্তি দেখাও, আগে যেমন তুমি আমাদের পক্ষে কাজ করে দেখিয়েছিলে। 68:29 জেরুজালেমে তোমার ঘর আছে; সেখানেই বাদশাহ্‌রা তোমার কাছে উপহার নিয়ে যাবে। 68:30 তাদের এবং তাদের আনা রূপার টুকরাগুলো পায়ে দলে ফেলে নলবনের বুনো জন্তু ঐ মিসরকে তুমি ধম্‌কে দাও; ধম্‌কে দাও বাছুর ও বলদের দলের মত ঐ সব জাতিদের। যে সব জাতি যুদ্ধ ভালবাসে আল্লাহ্‌ তাদের দল ভেংগে দিয়েছেন। 68:31 মিসর থেকে রাষ্ট্রদূতেরা আসবেন; ইথিওপিয়া তাড়াতাড়ি করে আল্লাহ্‌র কাছে হাত বাড়িয়ে দেবে। 68:32 হে দুনিয়ার সব রাজ্য, আল্লাহ্‌র উদ্দেশে কাওয়ালী গাও, দীন-দুনিয়ার মালিকের প্রতি প্রশংসার কাওয়ালী গাও। [সেলা] 68:33 তিনি সেই পুরানো দিনের আকাশের মধ্য দিয়ে রথে চড়ে চলাচল করেন। শোন, তিনি জোর গলায় কথা বলছেন। 68:34 ঘোষণা কর, আল্লাহ্‌ শক্তিমান; তাঁর মহিমা ইসরাইলের উপর রয়েছে আর আসমান জুড়ে রয়েছে তাঁর কুদরত। 68:35 হে আল্লাহ্‌, তোমার পবিত্র জায়গায় তোমার উপস্থিতি ভয় জাগিয়ে তোলে। ইসরাইলের আল্লাহ্‌ তাঁর বান্দাদের শক্তি ও ক্ষমতা দিয়ে থাকেন। আল্লাহ্‌র প্রশংসা হোক!