Psalms 7
7:1 হে আল্লাহ্, আমার মাবুদ, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি। যারা আমার পিছনে তাড়া করে আসছে তাদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর, আমাকে রক্ষা কর।
7:2 তা না হলে সিংহের মত করে তারা আমাকে ছিঁড়ে ফেলবে; ওরা আমাকে টুকরা টুকরা করে ফেলবে, আমাকে বাঁচাবার কেউ থাকবে না।
7:3 হে আল্লাহ্, আমার মাবুদ, যদি আমি এমন কিছু করে থাকি, যদি অন্যায়ের কোন কলংক আমার হাতে লেগে থাকে,
7:4 যদি আমার বন্ধুর প্রতি অন্যায় করে থাকি, - যে বিনা কারণে আমার শত্রু হয়ে উঠেছিল আমি বরং তাকেও উদ্ধার করেছি-
7:5 তবে শত্রুরা তাড়া করে আমাকে ধরে ফেলুক; তারা আমাকে মাটিতে ফেলুক আর পায়ে মাড়াক, আমার সম্মান ধুলাতে মিশিয়ে দিক। [সেলা]
7:6 হে মাবুদ, রাগে তুমি উঠে দাঁড়াও, আমার শত্রুদের ক্রোধের বিরুদ্ধে হাত উঠাও। আমার জন্য তুমি ওঠো, কারণ তোমার ন্যায়বিচারের কথা তুমি ঘোষণা করেছ।
7:7 সমস্ত জাতির লোক তোমার চারপাশে জমায়েত হোক; তুমি বেহেশতে ফিরে গিয়ে আবার তাদের উপর রাজত্ব কর।
7:8 মাবুদই যেন তাদের বিচার করেন। হে মাবুদ, আমার ন্যায় কাজ ও সততা অনুসারে তুমি আমার বিচার কর।
7:9 হে ন্যায়ের আল্লাহ্, তুমি অন্তর ও মনের যাচাই করে থাক; তুমি দুষ্টদের দুষ্টতা শেষ কর কিন্তু তোমার ভক্তকে ভাল অবস্থায় স্থির রাখ।
7:10 আল্লাহ্ আমার ঢাল; যারা অন্তরে খাঁটি তাদের তিনি রক্ষা করেন।
7:11 আল্লাহ্ ন্যায়বিচারক, দুষ্টদের বিচার তিনি সব সময়ই করে থাকেন।
7:12 অন্যায়কারী যদি না ফেরে তবে তিনি তাঁর তলোয়ারে শান দেবেন আর তাঁর ধনুক বাঁকিয়ে ঠিক করে নেবেন।
7:13 তিনি তাঁর মারণ-অস্ত্র ঠিক করে রেখেছেন, আর তাঁর জ্বলন্ত তীর তৈরী করছেন।
7:14 অন্যায়কারী খারাপীকে গর্ভে ধরে, অন্যায়কে গর্ভে নিয়ে প্রসব বেদনায় ভোগে আর মিথ্যাকে প্রসব করে।
7:15 গর্ত খুঁড়ে সে তার মধ্য থেকে মাটি তুলে ফেলে আর নিজের গর্তে নিজেই পড়ে।
7:16 তার অন্যায়ের বোঝা তার নিজের মাথাতেই ফিরে আসে; সে যে জুলুম করে তা তারই মাথার উপরে নেমে আসে।
7:17 মাবুদ ন্যায়বিচার করেন, সেজন্য আমি তাঁকে শুকরিয়া জানাব; আমি মহান মাবুদের প্রশংসা-কাওয়ালী গাইব।