Library · bn

Psalms 72

72:1 হে আল্লাহ্‌, বিচার করার যে অধিকার তোমার আছে তা তুমি এই বাদশাহ্‌কে দান কর; এই রাজপুত্রকে তোমার ন্যায়ের জ্ঞান দান কর; 72:2 যাতে তিনি ন্যায়ভাবে তোমার বান্দাদের বিচার করতে পারেন আর অত্যাচারিতদের সুবিচার করতে পারেন। 72:3 তাঁর ন্যায় কাজের মধ্য দিয়ে লোকদের জন্য পাহাড়-পর্বতে ভরা দেশটা উন্নতিতে ভরে উঠুক। 72:4 তাঁর রাজ্যের অত্যাচারিত লোকদের উপর তিনি ন্যায়বিচার করুন; তাঁর গরীবদের বাঁচান আর জুলুমবাজদের চুরমার করুন। 72:5 যতদিন চাঁদ-সূর্য থাকবে ততদিন বংশের পর বংশ ধরে লোকে তাঁকে ভয় করুক। 72:6 ঘাস কেটে নেওয়া জমির উপর বৃষ্টি পড়লে যেমন হয় তিনি যেন তেমনি হন; তিনি যেন মাটি ভিজানো বৃষ্টিধারার মত হন। 72:7 তাঁর আমলে আল্লাহ্‌ভক্তেরা যেন প্রচুর দোয়া পায়; যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবন উন্নতিতে ভরে উঠুক। 72:8 তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত, ফোরাত নদী থেকে দুনিয়ার শেষ পর্যন্ত হোক। 72:9 মরুভূমির লোকেরা তাঁর কাছে নত হোক আর তাঁর শত্রুরা তাঁকে পায়ে ধরে সালাম করুক। 72:10 তর্শীশ আর দ্বীপগুলোর বাদশাহ্‌রা তাঁকে খাজনা দিক; সাবা ও সবা দেশের বাদশাহ্‌রাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক। 72:11 সমস্ত বাদশাহ্‌রা তাঁর কাছে মাথা নীচু করুক আর সমস্ত জাতি তাঁর সেবা করুক। 72:12 যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরা সাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন। 72:13 অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেন আর অভাবীদের বাঁচাবেন। 72:14 জুলুম ও হামলার হাত থেকে তিনি তাদের প্রাণ রক্ষা করবেন; তাঁর চোখে তাদের রক্তের দাম অনেক। 72:15 তিনি অনেক দিন বেঁচে থাকুন; সাবা দেশের সোনা তাঁর কাছে আসুক। সব সময় তাঁর জন্য মুনাজাত হতে থাকুক; সারা দিন ধরে তাঁর উপর দোয়া ঝরে পড়ুক। 72:16 দেশে প্রচুর শস্যের ফলন হোক, তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক। ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্‌শন্‌ শব্দ উঠুক; শহর থেকে বেরিয়ে আসা লোকেরা যেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। 72:17 তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক; সূর্য যতদিন আলো দেবে ততদিন তাঁর সুনাম বহাল থাকুক। তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন দোয়া পায়; তারা তাঁকে ধন্য বলুক। 72:18 আল্লাহ্‌ মাবুদ, যিনি ইসরাইলের আল্লাহ্‌, তাঁর প্রশংসা হোক; কেবল তিনিই অলৌকিক চিহ্ন দেখান। 72:19 চিরকাল তাঁর মহিমাপূর্ণ নামের প্রশংসা হোক; সারা দুনিয়া তাঁর মহিমায় পূর্ণ হোক। আমিন, আমিন। 72:20 ইয়াসির ছেলে দাউদের সব মুনাজাতের শেষ এখানেই।