Library · bn

Psalms 73

73:1 যাদের অন্তর খাঁটি সেই বনি-ইসরাইলদের পক্ষে আল্লাহ্‌ সত্যিই মেহেরবান। 73:2 কিন্তু আমি প্রায় পড়ে গিয়েছিলাম; আমার পা প্রায় পিছলে গিয়েছিল। 73:3 আমি দেখলাম, দুষ্টেরা খুব সুখে আছে, সেজন্য ঐ সব অহংকারীদের দেখে আমার হিংসা হয়েছিল; 73:4 কারণ মরণকালে তারা যন্ত্রণা পায় না আর তাদের শরীরও খুব মোটাসোটা থাকে। 73:5 অন্য লোকেরা যেমন বিপদে পড়ে তেমনি তারা বিপদে পড়ে না; অন্যেরা যেমন কষ্ট ভোগ করে তেমনি তারা কষ্ট ভোগ করে না। 73:6 সেজন্য অহংকার হয় তাদের গলার হার, আর জুলুম হয় তাদের গায়ের কাপড়। 73:7 চর্বির ঠেলায় তাদের চোখ বেরিয়ে এসেছে; তাদের মনের কুমতলব উপ্‌চে পড়ছে। 73:8 তাদের কথায় বিদ্রূপ আর হিংসা রয়েছে; অহংকারের বশে তারা জুলুমের ভয় দেখায়। 73:9 তারা বেহেশতের বিরুদ্ধে কথা বলে আর সারা দুনিয়ায় তাদের বড় বড় কথা ছড়িয়ে পড়ে। 73:10 সেজন্য আল্লাহ্‌র বান্দারা খারাপ পথে ফিরে যায় আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে। 73:11 তারা বলে, “আল্লাহ্‌ কি করে জানবেন? আল্লাহ্‌তা’লার মধ্যে জ্ঞান বলতে কি কিছু আছে?” 73:12 এরাই হল সেই দুষ্ট লোকেরা যারা আরামে থেকে ধন-সম্পত্তি বাড়িয়েছে। 73:13 আমার দিলকে আমি মিছামিছি খাঁটি রেখেছি, আমার হাত মিথ্যাই আমি নির্দোষ রেখেছি। 73:14 সারা দিন ধরে আমি কষ্ট ভোগ করেছি; প্রতিদিন সকাল বেলায় শাস্তি পেয়েছি। 73:15 যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম, তবে এই কালের তোমার বান্দাদের কাছে আমি বেঈমান হতাম। 73:16 আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলাম তখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল; 73:17 কিন্তু যখন আমি আল্লাহ্‌র পবিত্র জায়গায় গেলাম তখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম। 73:18 তুমি সত্যিই তাদের পিছলা জায়গায় রেখেছ আর ধ্বংসের মধ্যে ফেলেছ। 73:19 কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায় আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়। 73:20 ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ্ন যেমন তুচ্ছ হয়ে যায়, তেমনি হে মালিক, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। 73:21 যখন আমার মন তেতো হয়ে উঠেছিল আর অন্তরে আঘাত লেগেছিল, 73:22 তখন আমি অসাড় ও অবুঝ হয়ে পড়েছিলাম আর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম। 73:23 তবুও আমি সব সময় তোমার সংগেই আছি; তুমিই আমার ডান হাত ধরে রেখেছ। 73:24 তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে, আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে। 73:25 বেহেশতে তুমিই আমার সব; তোমাকে পেয়ে দুনিয়াতেও আমার চাওয়ার আর কিছু নেই। 73:26 আমার শরীর ও মন ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ্‌ আমার দিলের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাগ। 73:27 যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে, তারা শেষ হয়ে যাবে; যারা তোমার প্রতি বেঈমান তুমি তাদের ধ্বংস করে ফেলবে। 73:28 কিন্তু আল্লাহ্‌র সংগে থাকা আমার জন্য ভাল; আল্লাহ্‌ মালিককে আমি আমার আশ্রয়স্থান করেছি, যেন তাঁর সব কাজের কথা আমি প্রচার করতে পারি।