Library · bn

Psalms 75

75:1 হে আল্লাহ্‌, আমরা তোমাকে শুকরিয়া জানাই, আমরা তোমার শুকরিয়া আদায় করি, কারণ তুমি কাছেই আছ; লোকে তোমার অলৌকিক কাজের কথা ঘোষণা করে। 75:2 তুমি বলে থাক, “ঠিক সময় আমিই বেছে নিই, আমিই ন্যায়বিচার করি। 75:3 দুনিয়া ও তার মানব-সমাজের নিয়ম-শৃঙ্খলা যখন ভেংগে যায়, তখন আমিই তার থামগুলো টিকিয়ে রাখি। [সেলা] 75:4 “আমি অহংকারীদের বলি, ‘গর্ব কোরো না,’ আর দুষ্টদের বলি, ‘শিং উঁচু কোরো না। 75:5 তোমাদের শিং উঁচুতে তুলো না আর ঘাড় বাঁকিয়ে কথা বোলো না।’ ” 75:6 পূর্ব কি পশ্চিম কিংবা মরুভূমি থেকে কেউ রক্ষা করতে আসে না; 75:7 কিন্তু আল্লাহ্‌ বিচার করেন; তিনি একজনকে নীচে নামান ও আর একজনকে উপরে তোলেন। 75:8 মাবুদের হাতে একটা পেয়ালা আছে, তাতে ফেনিয়ে ওঠা মসলা মিশানো আংগুর-রস রয়েছে। তিনি সেই পেয়ালা থেকে ঢেলে দেন; দুনিয়ার সব দুষ্ট লোককে তার তলানি পর্যন্ত খেতেই হবে। 75:9 কিন্তু আমি চিরদিন মাবুদ সম্বন্ধে প্রচার করব আর ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসা-কাওয়ালী গাইব। 75:10 আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলে দেব, কিন্তু আল্লাহ্‌ভক্তদের শিং উঁচুতে তোলা হবে।