Psalms 88
88:1 হে আল্লাহ্, আমার উদ্ধারকর্তা মাবুদ, আমি দিনরাত তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি।
88:2 তোমার সামনে আমার মুনাজাত উপস্থিত হোক; তুমি আমার ফরিয়াদ শোন;
88:3 কারণ আমার অন্তর দুঃখে ভরা; আমার প্রাণ প্রায় কবরের কাছে চলে গেছে।
88:4 যারা কবরে যাবে তাদের মধ্যেই আমাকে ধরা হয়েছে; শক্তিশালী হয়েও যে শক্তিহীন হয়ে পড়েছে আমি তারই মত হয়েছি।
88:5 আমাকে যেন মৃতদের মধ্যে ফেলে রাখা হয়েছে; আমি মেরে ফেলা, কবরে শুয়ে থাকা লোকদের মতই হয়েছি, যাদের কথা তুমি আর মনেও কর না, যারা তোমার সাহায্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
88:6 তুমি আমাকে কবরের সবচেয়ে নীচু জায়গায় রেখেছ, রেখেছ অন্ধকারময় গভীর জায়গায়।
88:7 তোমার রাগ আমার উপরে চেপে বসে আছে; তোমার সমস্ত গজবের ঢেউ দিয়ে তুমি আমাকে তলিয়ে দিচ্ছ। [সেলা]
88:8 আমার নিজের লোকদের আমার কাছ থেকে তুমি সরিয়ে নিয়েছ; তাদের কাছে তুমি আমাকে ঘৃণার জিনিস করে তুলেছ। আমি আট্কা পড়ে গেছি, বেরিয়ে আসতে পারছি না;
88:9 দুঃখ-কষ্টে চোখ আমার ঝাপ্সা হয়ে গেছে। হে মাবুদ, প্রতিদিন আমি তোমাকে ডাকি; আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে রেখেছি।
88:10 যারা মারা গেছে, তাদের জন্য কি তুমি কুদরতি দেখাও? মৃতেরা উঠে কি তোমার প্রশংসা করবে? [সেলা]
88:11 কবরের মধ্যে কি তোমার অটল মহব্বত আর দোজখে কি তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা হবে?
88:12 অন্ধকার স্থানে কি তোমার কুদরতি বুঝা যাবে? যে দেশের লোকদের লোকে ভুলে যায় সেখানে কি তোমার ন্যায় কাজ বুঝা যাবে?
88:13 হে মাবুদ, আমি, আমি তোমার কাছে সাহায্যের জন্য কাঁদি; সকাল বেলায় তোমার কাছে আমার মুনাজাত পৌঁছায়।
88:14 হে মাবুদ, কেন তুমি আমাকে ত্যাগ করছ? তোমার মুখ আমার কাছ থেকে কেন লুকিয়ে রাখছ?
88:15 ছেলেবেলা থেকেই আমি দুঃখের মধ্যে পড়ে আছি আর মৃত্যুর মুখোমুখি হয়ে আছি। তোমার ভয়ানক শাস্তি আমার উপর নেমে আসছে; আমি বড়ই অসহায়।
88:16 তোমার ভয়ংকর রাগ আমার উপর দিয়ে বয়ে গেছে; তোমার ভয়-জাগানো আঘাত আমাকে শেষ করে দিয়েছে।
88:17 সেগুলো পানির মত করে সারা দিন আমাকে ঘিরে রেখেছে, আমাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়েছে।
88:18 আমার সংগী যারা, প্রিয় যারা, তাদের তুমি আমার কাছ থেকে নিয়ে গেছ; এখন অন্ধকারই আমার বন্ধু।