Psalms 9
9:1 হে মাবুদ, আমার সমস্ত দিল দিয়ে আমি তোমার প্রশংসা করব আর তোমার সব অলৌকিক কাজের কথা বলব।
9:2 তোমাকে নিয়েই আমি খুশী থাকব ও আনন্দ করব। হে আল্লাহ্তা’লা, আমি তোমার প্রশংসা-কাওয়ালী গাইব।
9:3 আমার শত্রুরা ফিরে গেছে; তোমার সামনে তারা পড়ে গেছে আর ধ্বংস হয়ে গেছে;
9:4 কারণ তুমি আমার বিচার করে আমার পক্ষে রায় দিয়েছ; তোমার সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।
9:5 তুমি অন্য জাতিদের ধম্কে দিয়েছ এবং দুষ্টদের ধ্বংস করেছ; তাদের নাম তুমি চিরকালের জন্য মুছে ফেলেছ।
9:6 শত্রুরা চিরদিনের জন্য ধ্বংসের মুখে পড়েছে; তাদের শহরগুলো তুমি উপ্ড়ে ফেলে দিয়েছ; তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
9:7 মাবুদ চিরকাল রাজত্ব করেন; তিনি বিচারের সিংহাসন স্থাপন করেছেন।
9:8 তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন, সৎ ভাবেই সব জাতিদের শাসন করবেন।
9:9 যারা জুলুমের মধ্যে পড়ে আছে মাবুদই যেন তাদের আশ্রয় হন আর দুর্দিনের কেল্লা হন।
9:10 যারা তোমাকে জানে তারা যেন তোমার উপর ভরসা করে, কারণ হে মাবুদ, যারা তোমাকে গভীরভাবে জানতে চায় তাদের তুমি কখনও ত্যাগ কর নি।
9:11 মাবুদ সিয়োনে আছেন; তোমরা তাঁর প্রশংসা-কাওয়ালী গাও। তিনি যা করেছেন তা অন্য জাতিদের কাছে ঘোষণা কর;
9:12 কারণ যিনি রক্তের প্রতিশোধ নেন তিনি হত্যা করা লোকদের ভুলে যান না, দুঃখীর ফরিয়াদ তিনি অবহেলা করেন না।
9:13 হে মাবুদ, আমার প্রতি রহমত কর; দেখ, আমার শত্রুরা কিভাবে আমাকে জুলুম করছে। মৃত্যুর দুয়ার থেকে তুমি আমাকে তুলে আন,
9:14 যাতে সিয়োন শহরের দরজাগুলোতে আমি তোমার প্রশংসা প্রচার করতে পারি, তোমার দেওয়া উদ্ধার পেয়ে আনন্দ করতে পারি।
9:15 অন্য জাতিরা নিজেদের খোঁড়া গর্তে তলিয়ে যাচ্ছে; তাদের লুকানো জালে তাদেরই পা জড়িয়ে গেছে।
9:16 ন্যায়বিচারের মধ্য দিয়ে মাবুদ নিজেকে জানতে দেন; তিনি দুষ্টদের তাঁর কাজের ফাঁদে ফেলেন। [ধ্যান, সেলা]
9:17 যে সব জাতি আল্লাহ্কে ভুলে যায় সেই দুষ্টেরা মরে কবরে যাবে।
9:18 অভাবীদের চিরকাল ভুলে থাকা হবে না; অসহায়দের আশা কখনও অপূর্ণ থাকবে না।
9:19 হে মাবুদ, তুমি ওঠো, মানুষকে তোমার উপর জয়ী হতে দিয়ো না; তোমার সামনে অন্য জাতিদের বিচার হোক।
9:20 হে মাবুদ, তাদের অন্তরে ভয় জাগাও; অন্য জাতিরা জানুক যে, তারা কেবলমাত্র মানুষ। [সেলা]