Library · bn

Psalms 10

10:1 হে মাবুদ, কেন তুমি দূরে দাঁড়িয়ে আছ? দুর্দিনে কেন তুমি নিজেকে লুকিয়ে রাখ? 10:2 দুষ্ট লোক অহংকারের দরুন দুঃখীদের তাড়া করে, কিন্তু নিজের কুমতলবে সে নিজেই ধরা পড়ে। 10:3 দুষ্ট লোক তার দিলের খারাপ ইচ্ছার গর্ব করে; লোভী মাবুদকে বদদোয়া দেয় আর তাঁকে তুচ্ছ করে। 10:4 দুষ্ট লোক অহংকারের দরুন মাবুদকে অগ্রাহ্য করে; তার কুমতলবের পিছনে এই চিন্তা রয়েছে- আল্লাহ্‌ বলে কেউ নেই। 10:5 সব সময় সে সফলতার পথে এগিয়ে যায়; তার চোখ তোমার শাসন ব্যবস্থার নাগাল পায় না, কারণ তা অনেক উপরে; তার সব শত্রুদের সে তুচ্ছ করে। 10:6 সে মনে মনে বলে, “এমন কিছু নেই যা আমাকে নাড়াতে পারে; আমার বিপদ কোন কালেই হবে না।” 10:7 তার মুখ বদদোয়া, ঠকামি আর জুলুমের কথায় ভরা; তার জিভে রয়েছে অন্যায় আর খারাপীর কথা। 10:8 গ্রামের কাছে গোপনে সে ওৎ পেতে বসে থাকে; গোপন জায়গাতে সে নির্দোষীকে খুন করে আর অসহায়ের উপর গোপনে লক্ষ্য রাখে। 10:9 সে আড়ালে থেকে সিংহের মত করে ওৎ পাতে; দুঃখীকে ধরবার জন্যই সে তা করে, জালে ফেলে সে তাকে ধরে। 10:10 তারপর সে তাদের পিষে ফেলে; সেই হতভাগারা পড়ে তার থাবার নীচে। 10:11 সে মনে মনে বলে, “এদিকে আল্লাহ্‌র খেয়াল নেই; তিনি মুখ ফিরিয়ে আছেন, কখনও দেখবেন না।” 10:12 হে মাবুদ, ওঠো; হে আল্লাহ্‌, তোমার হাত বাড়িয়ে দাও, দুঃখীদের ভুলে যেয়ো না। 10:13 দুষ্ট লোক কেন আল্লাহ্‌কে তুচ্ছ বলে মনে করে? সে কেন মনে মনে বলে, “তিনি আমার কাছে কোন হিসাব চাইবেন না”? 10:14 কিন্তু হে আল্লাহ্‌, দুঃখ-কষ্ট তোমার চোখ এড়িয়ে যায় না; তুমি নিজের হাতেই এর ব্যবস্থা কর। অসহায় তো তোমারই হাতে নিজেকে তুলে দেয়; এতিমকে তুমিই সাহায্য করে থাক। 10:15 দুষ্ট এবং খারাপ লোকের ক্ষমতা তুমি শেষ করে দিয়ো; তার সমস্ত অন্যায়ের হিসাব তুমি চেয়ে নিয়ো। 10:16 মাবুদই চিরকালের বাদশাহ্‌; তাঁর দেশ থেকে অন্য জাতিরা ধ্বংস হয়ে যাবে। 10:17 হে মাবুদ, নম্রদের অন্তরের ইচ্ছার কথা তুমি শুনছ; তুমি তাদের সাহস দিচ্ছ, তাদের ফরিয়াদ তুমি শুনছ। 10:18 তুমিই তা করছ, যাতে এতিম ও অত্যাচারিত লোকদের পক্ষে তুমি দাঁড়াতে পার, যেন এ দুনিয়ার মানুষ তাদের আর ভয় দেখাতে না পারে।