Library · bn

Psalms 90

90:1 হে মালিক, বংশের পর বংশ ধরে তুমিই আমাদের বাসস্থান। 90:2 যখন পাহাড়-পর্বতের সৃষ্টি হয় নি, জগৎ ও দুনিয়ার সৃষ্টি হয় নি, তার আগে থেকেই আখেরাত পর্যন্ত তুমিই আল্লাহ্‌। 90:3 মানুষকে তুমি ধূলিতে ফিরিয়ে নিয়ে যাও; তুমি বলে থাক, “হে মানুষের সন্তানেরা, তোমরা আবার ধূলিতে ফিরে যাও।” 90:4 তোমার চোখে হাজার বছর যেন চলে যাওয়া গতকাল, যেন রাতের একটা প্রহর মাত্র। 90:5 তুমি মানুষকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত; তারা যেন সকাল বেলার ঘাস, নতুন করে বেড়ে ওঠা ঘাস। 90:6 সকালে তা গজিয়ে উঠে বেড়ে উঠতে থাকে; সন্ধ্যায় তা শুকিয়ে শেষ হয়ে যায়। 90:7 তোমার গজবে আমরা শেষ হয়ে যাই; তোমার জ্বলন্ত রাগে ভীষণ ভয় পাই। 90:8 আমাদের অন্যায় তুমি তোমার সামনে রেখে থাক; তোমার উপস্থিতির নূরে আমাদের গোপন গুনাহ্‌ প্রকাশ পায়। 90:9 তোমার ভীষণ রাগের নীচে আমাদের দিন কেটে যায়; নিঃশ্বাসের মতই আমাদের বছরগুলো শেষ হয়ে যায়। 90:10 আমাদের আয়ু মাত্র সত্তর বছর, শক্তি থাকলে আশি বছরও হয়; আমাদের আয়ু যতই হোক না কেন তাতে থাকে কেবল দুঃখ আর কষ্ট; বছর চলে যায় চোখের পলকে আর আমরাও শেষ হয়ে যাই। 90:11 তোমার রাগের শক্তি কে বুঝতে পারে? কতজনের অন্তরে তোমার পাওনা ভয় আছে, যাতে তারা তোমার ক্রোধ বুঝতে পারে? 90:12 তাহলে তুমি আমাদের বুঝতে দাও যে, আমাদের আয়ু কত অল্প, যাতে আমাদের অন্তর জ্ঞানে ভরে ওঠে। 90:13 হে মাবুদ, আর কতকাল? এবার তুমি ফেরো, তোমার গোলামদের প্রতি মমতা দেখাও। 90:14 নতুন করে তোমার অটল মহব্বত দিয়ে আমাদের তৃপ্ত কর, যেন আমরা আনন্দে কাওয়ালী গাইতে পারি আর খুশীতে জীবন কাটাতে পারি। 90:15 যতকাল ধরে তুমি আমাদের অহংকার ভেংগে দেবার কাজ করেছ, যত বছর আমরা কষ্টের মধ্যে ছিলাম, ততকাল তুমি আমাদের সুখে রাখ। 90:16 তোমার গোলামদের কাছে তোমার কাজ আর তাদের সন্তানদের কাছে তোমার গৌরব তুমি প্রকাশ কর। 90:17 আমাদের আল্লাহ্‌ মালিকের রহমত আমাদের উপরে থাকুক; আমাদের সব কাজ তুমি সফল কর, হ্যাঁ, আমাদের সব কাজে তুমি সফলতা দান কর।