Psalms 91
91:1 আল্লাহ্তা’লার আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে।
91:2 মাবুদের সম্বন্ধে আমি এই কথা বলব, “তিনিই আমার আশ্রয় ও আমার কেল্লা; তিনিই আমার আল্লাহ্ যাঁর উপরে আমি ভরসা করি।”
91:3 তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মহামারীর হাত থেকে রক্ষা করবেন।
91:4 তাঁর পালখে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তাঁর ডানার নীচে তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ-রক্ষাকারী বর্ম হবে।
91:5 রাতের বিপদ আর দিনের হামলাকে তুমি ভয় করবে না;
91:6 ভয় করবে না অন্ধকারের চলমান মহামারীকে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে।
91:7 হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক, আর হাজার দশেক পড়বে অন্য দিকে, কিন্তু এ সব তোমার কাছেই আসবে না।
91:8 দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে।
91:9 “হে মাবুদ, তুমিই আমার আশ্রয়স্থান।” তুমি স্থির করেছ আল্লাহ্তা’লা তোমার বাসস্থান;
91:10 সেজন্য তোমার কোন সর্বনাশ হবে না, তোমার বাড়ীর উপর কোন আঘাত পড়বে না;
91:11 কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে হুকুম দেবেন যেন সব অবস্থায় তাঁরা তোমাকে রক্ষা করেন।
91:12 তাঁরা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।
91:13 তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে, যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে।
91:14 মাবুদ বলছেন, “মহব্বত দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে, তাকে আমি রক্ষা করব; আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব, কারণ সে আমাকে সত্যিই চিনেছে।
91:15 সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব; বিপদের সময় আমি তার সংগে থাকব; তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব।
91:16 অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশী করব; আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাব।”