Library · bn

Psalms 97

97:1 মাবুদই বাদশাহ্‌; দুনিয়া আনন্দ করুক, দূর-দূরান্তের অসংখ্য দ্বীপ খুশী হোক। 97:2 তাঁর চারপাশে মেঘ ও অন্ধকার দিয়ে ঘেরা; সততা ও ন্যায়বিচারের উপর তাঁর সিংহাসন দাঁড়িয়ে আছে। 97:3 তাঁর আগে আগে চলছে আগুন; সেই আগুন তাঁর চারদিকের সব শত্রুদের পুড়িয়ে ফেলছে। 97:4 তাঁর বিদ্যুতের ঝলকে জগৎ আলোময় হয়েছিল; তা দেখে দুনিয়া কেঁপেছিল। 97:5 মাবুদের সামনে, সমস্ত দুনিয়ার মালিকের সামনে পাহাড়-পর্বত মোমের মত গলে গিয়েছিল। 97:6 আসমান তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে, আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে। 97:7 যারা মূর্তিপূজা করে আর দেব-দেবী নিয়ে বড়াই করে তারা সবাই লজ্জায় পড়ুক; মাবুদের সামনে দেব-দেবী সেজদা করুক। 97:8 হে মাবুদ, তোমার ন্যায়বিচারের কথা শুনে সিয়োন আনন্দিত হয়েছে, এহুদার গ্রামগুলো খুশী হয়েছে। 97:9 হে মাবুদ, তুমি সমস্ত দুনিয়ার আল্লাহ্‌তা’লা; সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান। 97:10 যারা মাবুদকে মহব্বত করে তারা অন্যায়কে ঘৃণা করুক; তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন। 97:11 আল্লাহ্‌ভক্তদের জীবনে নূর দেওয়া হয়, আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়। 97:12 হে আল্লাহ্‌ভক্ত লোকেরা, মাবুদই যেন তোমাদের আনন্দের বিষয় হন। তোমরা তাঁর পবিত্রতার প্রশংসা কর।