Library · bn

Psalms 96

96:1 তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও; দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও। 96:2 মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা কর; তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন প্রচার কর। 96:3 বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমার কথা ঘোষণা কর; সমস্ত লোকের মধ্যে তাঁর সব অলৌকিক কাজের কথা ঘোষণা কর। 96:4 মাবুদই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব-দেবীর চেয়ে তিনি বেশী ভয় জাগান। 96:5 বিভিন্ন জাতির দেব-দেবী অসার মাত্র, কিন্তু মাবুদ আসমানের সৃষ্টিকর্তা। 96:6 তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা; তাঁর পবিত্র ঘরে রয়েছে শক্তি ও সৌন্দর্য। 96:7 হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি মাবুদেরই। 96:8 তোমরা স্বীকার কর সমস্ত গৌরব মাবুদের; কোরবানীর জিনিস নিয়ে তাঁর উঠানে এস। 96:9 মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর; দুনিয়ার সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো। 96:10 বিভিন্ন জাতির মধ্যে ঘোষণা কর, “মাবুদই বাদশাহ্‌। দুনিয়া অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না; তিনি ন্যায়ভাবে সব জাতিকে শাসন করবেন।” 96:11 আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক; সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক; 96:12 মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক। তাহলে বনের সব গাছপালাও আনন্দে গান করবে; 96:13 তারা মাবুদের সামনে গান করবে, কারণ তিনি আসছেন। তিনি দুনিয়ার বিচার করতে আসছেন। তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন, আর জাতিদের বিচার করবেন বিশ্বস্তভাবে।