Psalms 99
99:1 মাবুদই বাদশাহ্; সমস্ত জাতি কেঁপে উঠুক। তিনি কারুবীদের উপরে সিংহাসনে বসে আছেন; দুনিয়া টলমল করুক।
99:2 সিয়োনে বাসকারী মাবুদ মহান; সমস্ত জাতি তাঁর অধীন।
99:3 সেই জাতিরা তাঁর প্রশংসা করুক; তিনি ভয়-জাগানো আল্লাহ্তা’লা; তিনি পবিত্র।
99:4 যে বাদশাহ্ ন্যায়বিচার ভালবাসেন তাঁর শক্তিকে তুমিই অটল করেছ, যাতে তিনি সৎ ভাবে বিচার করতে পারেন। তুমিই ইয়াকুবের বংশের মধ্যে ন্যায়বিচার ও সততা বহাল করেছ।
99:5 আমাদের মাবুদ আল্লাহ্র প্রশংসা কর; তাঁর পা-দানির সামনে সেজদা কর; তিনি পবিত্র।
99:6 তাঁর ইমামদের মধ্যে ছিলেন মূসা ও হারুন; যাঁরা তাঁর কাছে মুনাজাত করতেন তাঁদের মধ্যে ছিলেন শামুয়েল। মূসা, হারুন ও শামুয়েল মাবুদকে ডাকতেন আর তিনি তাঁদের জবাব দিতেন।
99:7 তিনি মেঘের থামের মধ্য থেকে তাঁদের কাছে কথা বলতেন; তাঁরা তাঁর কালাম ও তাঁর দেওয়া হুকুম পালন করতেন।
99:8 হে আমাদের মাবুদ আল্লাহ্, তুমি তাঁদের ডাকে সাড়া দিতে; তুমি তাঁদের মাফদানকারী আল্লাহ্ ছিলে, যদিও তাঁদের অন্যায়ের শাস্তি দিতে তুমি ছাড় নি।
99:9 সেইজন্য আমাদের মাবুদ আল্লাহ্র প্রশংসা কর; তাঁর পবিত্র পাহাড়ের সামনে তাঁর এবাদত কর, কারণ আমাদের মাবুদ আল্লাহ্ পবিত্র।