Library · bn

Proverbs 10

10:1 সোলায়মানের সৎ উপদেশ। জ্ঞানী ছেলে বাবার জীবনে আনন্দ আনে, কিন্তু বিবেচনাহীন ছেলে মায়ের জীবনে দুঃখ আনে। 10:2 অন্যায়ভাবে পাওয়া ধনে কোন লাভ হয় না, কিন্তু আল্লাহ্‌র প্রতি ভয় মৃত্যু থেকে উদ্ধার করে। 10:3 মাবুদ তাঁর ভক্তদের ক্ষুধায় কষ্ট পেতে দেন না, কিন্তু তিনি দুষ্টদের কামনা-বাসনা পূর্ণ হতে দেন না। 10:4 অলসতা মানুষকে গরীব করে, কিন্তু পরিশ্রম ধন নিয়ে আসে। 10:5 জ্ঞানী ছেলে গরমকালে ফসল জমা করে, কিন্তু লজ্জাদায়ী ছেলে ফসল কাটবার সময় ঘুমিয়ে থাকে। 10:6 আল্লাহ্‌ভক্তদের মাথায় অনেক দোয়া নেমে আসে, কিন্তু দুষ্টদের জুলুমবাজ মনোভাব তাদের মুখের কথায় ঢাকা পড়ে। 10:7 আল্লাহ্‌ভক্ত লোকদের স্মৃতি দোয়া আনে, কিন্তু দুষ্টদের নাম পচে যায়। 10:8 যার অন্তরে জ্ঞান আছে সে হুকুম মানে, কিন্তু বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে। 10:9 যে সততায় চলে সে নিশ্চিন্তে চলাফেরা করে, কিন্তু যে বাঁকা পথে চলে সে ধরা পড়বে। 10:10 যে লোক চোখ টিপে ইশারা করে সে দুঃখ দেয়; বকবক করা অসাড়-বিবেক লোক ধ্বংস হয়ে যাবে। 10:11 আল্লাহ্‌ভক্তের মুখ জীবনের ঝর্ণার মত, কিন্তু দুষ্টদের জুলুমবাজ মনোভাব তাদের মুখের কথায় ঢাকা পড়ে। 10:12 ঘৃণা ঝগড়া-বিবাদ জাগিয়ে তোলে, কিন্তু ভালবাসা সমস্ত অন্যায় ঢেকে রাখে। 10:13 যাদের বিচারবুদ্ধি আছে তাদের মুখে জ্ঞান পাওয়া যায়, কিন্তু যাদের বুদ্ধি নেই তাদের পিঠের জন্য আছে লাঠি। 10:14 জ্ঞানী লোক জ্ঞান জমা করে, কিন্তু অসাড়-বিবেকের মুখ সর্বনাশ ডেকে আনে। 10:15 ধনীর ধনই তাদের দেয়াল-ঘেরা শহর; গরীবদের অভাবই হল তাদের সর্বনাশ। 10:16 আল্লাহ্‌ভক্তদের মজুরি হল পরিপূর্ণ জীবন, কিন্তু দুষ্টদের আয়ে গুনাহের বৃদ্ধি হয়। 10:17 যে শাসন মানে সে জীবনের পথে চলে, কিন্তু যে সংশোধনের কথা অগ্রাহ্য করে সে বিপথে যায়। 10:18 যে লোক তার মনের মধ্যে ঘৃণা গোপন করে রাখে সে মিথ্যা কথা বলে; যে লোক নিন্দা রটায় সে বিবেচনাহীন। 10:19 বেশী কথার মধ্যে অন্যায় উপস্থিত থাকে, কিন্তু যে তার মুখ দমনে রাখে সে বুদ্ধিমান। 10:20 আল্লাহ্‌ভক্তদের জিভ্‌ খাঁটি রূপার মত, কিন্তু দুষ্টদের অন্তরের দাম কম। 10:21 আল্লাহ্‌ভক্তদের মুখ অনেককে লালন-পালন করে, কিন্তু বুদ্ধির অভাবে অসাড়-বিবেক লোকেরা মারা পড়ে। 10:22 মাবুদ যাকে দোয়া করেন সে-ই ধনী; সেই দোয়ায় কোন দুঃখ-কষ্ট থাকে না। 10:23 খারাপ কাজ করা বিবেচনাহীনের আনন্দ, কিন্তু বুদ্ধিমানের আনন্দের বিষয় হল জ্ঞান। 10:24 দুষ্ট লোকেরা যা ভয় করে তা-ই তাদের উপর ঘটবে, কিন্তু আল্লাহ্‌ভক্তদের ইচ্ছা পূরণ করা হবে। 10:25 ঘুর্ণিঝড় বয়ে গেলে দুষ্ট আর থাকে না, কিন্তু যে আল্লাহ্‌ভক্ত সে চিরকাল অটল থাকে। 10:26 দাঁতে সির্‌কা আর চোখে ধোঁয়া লাগলে যেমন কষ্ট হয়, তেমনি যারা অলসকে কোথাও পাঠায় তারা কষ্ট পায়। 10:27 মাবুদের প্রতি ভয় আয়ু বাড়ায়, কিন্তু দুষ্টদের আয়ু কমিয়ে দেওয়া হবে। 10:28 আল্লাহ্‌ভক্তদের আশায় আনন্দ আছে, কিন্তু দুষ্টদের আশায় ছাই পড়বে। 10:29 মাবুদের পথ সৎ লোকদের জন্য কেল্লার মত, কিন্তু যারা খারাপ কাজ করে তাদের জন্য তা সর্বনাশ। 10:30 আল্লাহ্‌ভক্ত লোকেরা সব সময় অটল থাকবে, কিন্তু দুষ্ট লোকেরা দেশে বাস করতে পারবে না। 10:31 আল্লাহ্‌ভক্তদের মুখ থেকে জ্ঞানের কথা বের হয়, কিন্তু যে জিভ্‌ বাঁকা কথা বলে তা কেটে ফেলা হবে। 10:32 আল্লাহ্‌ভক্তদের মুখ উপযুক্ত কথা বলতে জানে, কিন্তু দুষ্টদের মুখ কেবল বাঁকা কথাই বলে।