Library · bn

Proverbs 11

11:1 ঠকামির দাঁড়িপাল্লা মাবুদ ঘৃণা করেন, কিন্তু ন্যায্য বাট্‌খারাতে তিনি খুশী হন। 11:2 অহংকারের সংগে সংগে অপমানও আসে, কিন্তু নম্রতার সংগে আসে জ্ঞান। 11:3 সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা, কিন্তু বেঈমান লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা। 11:4 যেদিন আল্লাহ্‌র গজব নেমে আসবে সেই দিন ধন কোন উপকারে আসবে না, কিন্তু আল্লাহ্‌র প্রতি ভয় মৃত্যু থেকে রক্ষা করবে। 11:5 সৎ লোকদের আল্লাহ্‌-ভয় তাদের জন্য সোজা পথ তৈরী করে, কিন্তু দুষ্টদের পতন হয় তাদের দুষ্টতার দ্বারা। 11:6 সৎ লোকদের আল্লাহ্‌-ভয় তাদের রক্ষা করে, কিন্তু বেঈমান লোকেরা নিজেদের লোভের ফাঁদে পড়ে। 11:7 দুষ্ট লোক মরলে তার আশাও নষ্ট হয়ে যায়; তার শক্তির দরুন সে যে সব আশা করেছিল তা নষ্ট হয়ে যায়। 11:8 আল্লাহ্‌ভক্ত লোক কষ্ট থেকে উদ্ধার পায়, কিন্তু সেই কষ্ট দুষ্ট লোকের উপরে এসে পড়ে। 11:9 আল্লাহ্‌র প্রতি যার ভয় নেই সে মুখ দিয়ে প্রতিবেশীর সর্বনাশ করে, কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক জ্ঞান দ্বারা রক্ষা পায়। 11:10 আল্লাহ্‌ভক্তদের উন্নতি হলে শহরে আনন্দ হয়, আর দুষ্টেরা ধ্বংস হলে লোকে আনন্দে চিৎকার করে। 11:11 সৎ লোকেরা আল্লাহ্‌র দোয়া পেলে শহরের উন্নতি হয়, কিন্তু দুষ্টদের মুখের দ্বারা শহরের সর্বনাশ হয়। 11:12 যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে তার বুদ্ধির অভাব আছে, কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে তার জিভ্‌ সামলায়। 11:13 যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গোপন কথা বলে দেয়, কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে। 11:14 উপযুক্ত পরিচালনার অভাবে জাতি হেরে যায়, কিন্তু অনেক পরামর্শদাতা হলে জাতি উদ্ধার পায়। 11:15 যে অন্যের জামিন হয় সে নিশ্চয়ই কষ্ট পাবে, কিন্তু যে জামিন হতে অস্বীকার করে সে নিরাপদে থাকে। 11:16 সুন্দর স্বভাবের স্ত্রীলোক সম্মান লাভ করে, আর জুলুমবাজ লোকেরা ধন লাভ করে। 11:17 দয়ালু লোক নিজের উপকার করে, কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে। 11:18 দুষ্ট লোক যা আয় করে তা মিথ্যা, কিন্তু যে আল্লাহ্‌-ভয়ের বীজ বোনে সে সত্যিই তার ফসল কাটবে। 11:19 যে আল্লাহ্‌-ভয়ে অটল সে পরিপূর্ণ জীবন পায়, কিন্তু যে খারাপীর পিছনে দৌড়ায় সে নিজের মৃত্যু ডেকে আনে। 11:20 যাদের অন্তর কুটিল মাবুদ তাদের ঘৃণা করেন, কিন্তু যারা নিখুঁত জীবন কাটায় তাদের উপর তিনি সন্তুষ্ট হন। 11:21 তোমরা নিশ্চয় জেনো দুষ্টেরা শাস্তি পাবেই পাবে, কিন্তু আল্লাহ্‌ভক্তেরা কোন শাস্তি পাবে না। 11:22 শূকরের নাকে সোনার নথ দিলে যেমন হয়, তেমনি হয় সেই সুন্দরী স্ত্রীলোক যার নেকী-বদীর বোধ নেই। 11:23 আল্লাহ্‌ভক্তের মনের ইচ্ছা উন্নতি বয়ে আনে, কিন্তু দুষ্ট লোকের আশার বদলে কেবল আল্লাহ্‌র গজব নেমে আসে। 11:24 যে কেউ খোলা হাতে দান করে সে আরও বেশী লাভ করে; আবার যে কেউ ন্যায্য খরচ করতে অস্বীকার করে সে অভাবে পড়ে। 11:25 যে খোলা হাতে দান করে তার উন্নতি হয়; যে অন্যকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়। 11:26 যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে বদদোয়া দেয়, কিন্তু যে তা বিক্রি করে সে দোয়ার পাত্র হয়। 11:27 যে ভালোর তালাশ করে সে দয়া পায়, কিন্তু যে খারাপীর তালাশ করে তার উপর তা-ই ঘটবে। 11:28 যে তার ধনের উপর ভরসা করে তার পতন হবে, কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক সবুজ পাতার মত সতেজ থাকবে। 11:29 যে তার পরিবারে কষ্ট নিয়ে আসে তার ভাগে বাতাস ছাড়া আর কিছুই থাকবে না; আর যাদের বিবেক অসাড় তারা জ্ঞানীদের গোলাম হবে। 11:30 আল্লাহ্‌ভক্ত লোক অন্যদের কাছে জীবন্তগাছের মত; যে অন্যদের মন জয় করে সে জ্ঞানী। 11:31 এই দুনিয়াতেই যদি আল্লাহ্‌ভক্ত লোকদের পাওনা পেতে হয়, তবে দুষ্ট এবং গুনাহ্‌গার লোকেরা নিশ্চয়ই তাদের পাওনা পাবে।