Proverbs 18
18:1 যে লোক নিজেকে সমাজ থেকে আলাদা করে রাখে সে নিজের ইচ্ছা পূরণ করতে চেষ্টা করে, আর সে সমস্ত বুদ্ধিপূর্ণ পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ায়।
18:2 বিবেচনাহীন লোক নেকী-বদী বুঝবার ব্যাপারে কোন আনন্দ পায় না, কিন্তু নিজের মতামত প্রকাশেই আনন্দ পায়।
18:3 দুষ্টতা ডেকে আনে ঘৃণা আর অসম্মান ডেকে আনে নিন্দা।
18:4 মানুষের মুখের কথা যেন মাটির গভীরে থাকা পানি, কিন্তু জ্ঞানী লোকের মুখের কথা যেন ঝর্ণা থেকে বেরিয়ে আসা স্রোতের পানি।
18:5 দোষী লোকের পক্ষ নেওয়া ঠিক নয়, তাতে নির্দোষীর প্রতি অবিচার করা হয়।
18:6 বিবেচনাহীনের কথার দরুন মকদ্দমা হয়, আর তার কথার জন্য তাকে মার খেতে হয়।
18:7 বিবেচনাহীনের মুখই তার সর্বনাশের কারণ; তার কথার দরুন তার জীবন ফাঁদে পড়ে।
18:8 নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত, মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।
18:9 যে নিজের কাজে অলসতা করে সে ধ্বংসকারীর ভাই।
18:10 মাবুদই শক্ত কেল্লার মত; আল্লাহ্ভক্ত লোক সেখানে দৌড়ে গিয়ে রক্ষা পায়।
18:11 ধনীদের ধনই তাদের দেয়াল-ঘেরা শহর; তাদের ধনকেই তারা মনে করে রক্ষাকারী দেয়াল।
18:12 মানুষের অন্তরের গর্ব ধ্বংস আনে, কিন্তু নম্রতা সম্মান আনে।
18:13 শুনবার আগেই যে লোক জবাব দেয় তার পক্ষে তা বোকামি ও লজ্জার বিষয়।
18:14 দুর্বলতার সময় মনের বলই মানুষকে ধরে রাখে, কিন্তু ভাংগা মন কে সহ্য করতে পারে?
18:15 যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞান লাভ করে, আর জ্ঞানীদের কান জ্ঞানের তালাশ করে।
18:16 উপহার মানুষের জন্য পথ করে দেয় আর বড়লোকদের সামনে তাকে উপস্থিত করে।
18:17 মকদ্দমার সময়ে যে প্রথমে নিজের পক্ষে কথা বলে তার কথা সত্যি মনে হয়, যতক্ষণ না আর একজন এসে তাকে জেরা করে।
18:18 গুলিবাঁট করে ঝগড়া বন্ধ করা হয় আর দুই বলবান পক্ষের মধ্যে মীমাংসা করা হয়।
18:19 ভাইয়ের দ্বারা অপমানিত হওয়া ভাই শক্তিশালী শহরের চেয়েও শক্ত; আর ঝগড়া-বিবাদ রাজবাড়ীর দরজার শক্ত হুড়কার মত।
18:20 মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করে তাতে তার অন্তর ভরে যায়; তার কথার ফলে সে যা পায় তা তাকে তৃপ্ত রাখে।
18:21 মুখের কথার উপর ভরসা করে জীবন ও মৃত্যু; যারা উপযুক্ত কথা বলতে ভালবাসে তারা তার ফল লাভ করবে।
18:22 যে লোক স্ত্রী পায় সে দোয়া পায় আর মাবুদের কাছ থেকে রহমত পায়।
18:23 গরীব লোক দয়া পাবার জন্য কাকুতি-মিনতি করে, কিন্তু ধনী অপমানে ভরা কড়া জবাব দেয়।
18:24 যার অনেক বন্ধু তার বেশী সর্বনাশ হতে পারে, কিন্তু এমন বন্ধু আছে যে ভাইয়ের চেয়েও বেশী বিশ্বস্ত।