Library · bn

Proverbs 17

17:1 ঝগড়া-বিবাদে ভরা মেজবানীর ঘরের চেয়ে শান্তির সংগে এক টুকরা শুকনা রুটিও ভাল। 17:2 পরিবারে অসম্মান আনা ছেলের উপরে বুদ্ধিমান চাকর কর্তা হয়, আর ভাইদের মধ্যে সে-ও সম্পত্তির অধিকার পায়। 17:3 রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র আর সোনার জন্য আছে চুলা, কিন্তু মাবুদই অন্তর যাচাই করেন। 17:4 দুষ্ট লোক খারাপ কথা শোনে; মিথ্যাবাদী সর্বনাশের কথায় কান দেয়। 17:5 যে লোক গরীবকে ঠাট্টা করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে; যে অন্যদের বিপদে আনন্দ করে সে শাস্তি পাবেই পাবে। 17:6 নাতি-নাতনী বুড়ো লোকের তাজের মত, আর পিতা তার ছেলেমেয়েদের গর্বের বিষয়। 17:7 নীচমনা লোকের পক্ষে বড় বড় কথা বলা মানায় না, আবার উঁচু পদের লোকের পক্ষেও মিথ্যা কথা বলা মানায় না। 17:8 যে লোক ঘুষ দেয় তার কাছে ওটা সৌভাগ্যের পাথরের মত; সে যে দিকে ফেরে সেই দিকেই সফল হয়। 17:9 যে লোক অন্যায় ঢাকা দেয় সে ভালবাসা বাড়িয়ে তোলে, কিন্তু যে তা বলে বেড়ায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়। 17:10 বিবেচনাহীনের কাছে চাবুকের একশোটা আঘাত যত না লাগে, একবার বকুনি খেলে বুদ্ধিমানের তার চেয়ে বেশী লাগে। 17:11 বিদ্রোহী কেবলই খারাপীর দিকে ঝোঁকে; তার বিরুদ্ধে একজন নিষ্ঠুর দূতকে পাঠানো হবে। 17:12 যে বিবেচনাহীন লোক বোকামির মধ্যে পড়ে আছে তার সংগে দেখা হওয়ার চেয়ে বাচ্চা চুরি হওয়া ভল্লুকের সংগে দেখা হওয়া বরং ভাল। 17:13 যে লোক উপকারের বদলে অপকার করে, অপকার কখনও তার বাড়ী ছাড়বে না। 17:14 ঝগড়া শুরু করা বাঁধ-ভাংগা পানির মত, তাই তর্কাতর্কির শুরুতেই তা বাদ দিয়ো। 17:15 যারা দোষীকে নির্দোষ বলে ধরে আর যারা নির্দোষীকে দোষী করে, তাদের উভয়কেই মাবুদ ঘৃণা করেন। 17:16 জ্ঞান লাভের জন্য বিবেচনাহীন বোকা লোকের হাতে টাকা থাকলে কি লাভ? তার তো বুদ্ধি নেই। 17:17 বন্ধু সব সময়েই ভালবাসে, আর ভাই থাকে দুর্দশার সময়ে সাহায্য করবার জন্য। 17:18 যে লোকের বিচারবুদ্ধির অভাব আছে সে হাতে হাত মিলিয়ে চুক্তি করে আর বন্ধুর জামিন হয়। 17:19 যে লোক বিরুদ্ধ মনোভাব নিয়ে থাকতে ভালবাসে সে ঝগড়া করতে ভালবাসে; যে লোক বড়াই করে সে ধ্বংস ডেকে আনে। 17:20 যে লোকের অন্তর কুটিল তার উন্নতি হয় না; যে লোক ছলনার কথা বলে সে বিপদে পড়ে। 17:21 বিবেচনাহীন সন্তান মা-বাবার জন্য দুঃখ নিয়ে আসে; ভয়হীন সন্তানের পিতার আনন্দ বলতে কিছু নেই। 17:22 আনন্দিত অন্তর স্বাস্থ্য ভাল রাখে, কিন্তু ভাংগা মন স্বাস্থ্য নষ্ট করে। 17:23 বিচারের রায় ঘুরিয়ে দেবার জন্য দুষ্ট লোক লুকিয়ে রাখা ঘুষ নেয়। 17:24 যার বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের দিকে মনোযোগ দেয়, কিন্তু বিবেচনাহীন লোকের মন দুনিয়ার সব দিকেই ঘুরে বেড়ায়। 17:25 বিবেচনাহীন ছেলে পিতাকে বিরক্ত করে তোলে, আর যে তাকে গর্ভে ধরেছে তার মন সে তেতো করে দেয়। 17:26 নির্দোষ লোককে জরিমানা করা কিংবা উঁচু পদের লোকের সততার জন্য তাকে মারধর করা ঠিক নয়। 17:27 বুদ্ধিমান লোক নিজেকে দমনে রেখে কথা বলে; যে লোকের বিচারবুদ্ধি আছে তার মেজাজ ঠাণ্ডা। 17:28 চুপ করে থাকলে অসাড়-বিবেক লোককেও জ্ঞানী মনে হয়, আর মুখ বন্ধ রাখলে মনে হয় তার বিচারবুদ্ধি আছে।