Library · bn

Proverbs 22

22:1 প্রচুর ধনের চেয়ে সুনাম বেছে নেওয়া ভাল; রূপা ও সোনার চেয়ে অন্যের ভালবাসা পাওয়া ভাল। 22:2 ধনী-গরীব একটা ব্যাপারে সমান্ত মাবুদ তাদের সকলকেই তৈরী করেছেন। 22:3 সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়, কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকে আর তার দরুন শাস্তি পায়। 22:4 নম্রতা ও মাবুদের প্রতি ভয় ধন, সম্মান ও জীবন আনে। 22:5 কুটিল লোকের পথে থাকে কাঁটা ও ফাঁদ, কিন্তু যে নিজেকে সাবধানে রাখে সে সেগুলো থেকে দূরে থাকে। 22:6 ছেলে বা মেয়ের প্রয়োজন অনুসারে তাকে শিক্ষা দাও, সে বুড়ো হয়ে গেলেও তা থেকে সরে যাবে না। 22:7 গরীবের উপর ধনী কর্তা হয়, আর ঋণী ঋণদাতার চাকর হয়। 22:8 যে লোক দুষ্টতার বীজ বোনে সে বিপদের ফসল কাটবে; সে রাগের বশে যে জুলুম করে তা বন্ধ হয়ে যাবে। 22:9 যে দানশীল লোক তার খাবারের ভাগ থেকে গরীবদের দেয় সে দোয়া পাবে। 22:10 বিদ্রূপকারীকে তাড়িয়ে দাও, গোলমালও দূর হবে; ঝগড়া-বিবাদ ও অপমান শেষ হয়ে যাবে। 22:11 যে লোক খাঁটি অন্তর ভালবাসে আর দয়াপূর্ণ কথাবার্তা বলে সে বাদশাহ্‌র বন্ধুত্ব লাভ করে। 22:12 মাবুদ জ্ঞান রক্ষা করেন, কিন্তু তিনি বেঈমানদের কথাবার্তা বিফল করে দেন। 22:13 অলস বলে, “বাইরে সিংহ আছে, রাস্তায় গেলে আমি মারা পড়ব।” 22:14 জেনাকারিণীর কথাবার্তা যেন গভীর গর্ত; যে লোক মাবুদের রাগের পাত্র সে তার মধ্যে পড়বে। 22:15 ছেলে বা মেয়ের অন্তরে বোকামি যেন বাঁধা থাকে, কিন্তু শাসনের লাঠি তা তার কাছে থেকে দূর করে দেয়। 22:16 ধন লাভের জন্য যে লোক গরীবের উপর জুলুম করে কিংবা যে লোক ধনীদের দান করে তাদের দু’জনেরই অভাব হয়। 22:17 জ্ঞানীদের কথায় কান দাও, তাঁরা যা বলেছেন তা শোন; আমি তোমাকে যে শিক্ষা দিই তাতে তুমি মনোযোগ দাও। 22:18 সেই শিক্ষা তোমার অন্তরে রাখলে তুমি সুখী হবে; তা সব সময় তোমার ঠোঁটের আগায় থাকুক। 22:19 তুমি যাতে মাবুদের উপর ভরসা করতে পার সেইজন্য আমি আজ তোমাকে, তোমাকেই এই সব জানালাম। 22:20 পরামর্শ ও জ্ঞান সম্বন্ধে আমি কি তোমার জন্য ত্রিশটা উপদেশের কথা লিখি নি? 22:21 আমি কি তোমাকে সত্য ও নির্ভরযোগ্য কালাম শিক্ষা দিই নি, যাতে তুমি তা দিতে পার তাদের কাছে যারা তোমাকে পাঠিয়েছে? 22:22 একজন লোক অসহায় বলে জোর করে তার জিনিস নিয়ো না, আর বিচার-স্থানে অভাবীর সর্বনাশ কোরো না; 22:23 কারণ মাবুদ মামলায় তাদের পক্ষ নেবেন, আর যারা তাদের জিনিস কেড়ে নেয় তিনি তাদের প্রাণ কেড়ে নেবেন। 22:24 বদমেজাজী লোকের সংগে বন্ধুত্ব কোরো না; যে সহজে রেগে যায় তার সংগে মেলামেশা কোরো না। 22:25 তা করলে তুমি তার মত চলাফেরা করতে শিখবে আর নিজেকে ফাঁদে ফেলবে। 22:26 হাতে হাত রেখে কারও ঋণের জামিন হোয়ো না; 22:27 তুমি যদি তা শোধ দিতে না পার তবে তোমার গায়ের নীচ থেকে তোমার বিছানাটা পর্যন্ত কেড়ে নেওয়া হবে। 22:28 তোমার পূর্বপুরুষেরা সীমানার যে চিহ্ন্তপাথর স্থাপন করে গেছেন, সেই চিহ্ন তুমি সরিয়ে দিয়ো না। 22:29 তুমি কি এমন কোন লোককে দেখেছ যে পাকা হাতে কাজ করে? সে বাদশাহ্‌দের জন্য কাজ করবে, সাধারণ লোকদের অধীনে কাজ করবে না।