Library · bn

Proverbs 23

23:1 তুমি যখন শাসনকর্তার সংগে খেতে বসবে, তখন তোমার সামনে কি আছে তা ভাল করে খেয়াল করবে। 23:2 যদি তুমি পেটুক হও তবে সাবধান! তুমি নিজেকে দমনে রেখে খেয়ো। 23:3 তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না, কারণ সেই খাবার দেবার পিছনে থাকে শাসনকর্তার কোন উদ্দেশ্য। 23:4 ধন লাভের জন্য ব্যস্ত হোয়ো না; এই ব্যাপারে তোমার বুদ্ধির উপর ভরসা কোরো না। 23:5 ধনের দিকে একটি বার তাকালে দেখবে সেগুলো আর নেই, কারণ সেগুলোতে পাখা গজাবেই আর ঈগলের মত আকাশে উড়ে যাবে। 23:6 লোভী লোকের খাবার খেয়ো না; তার দামী দামী খাবার খেতে চেয়ো না; 23:7 কারণ সে এমন লোক যে সব সময় তার খাবারের দামের কথা ভাবে। সে তোমাকে বলে, “খাওয়া-দাওয়া কর,” কিন্তু সে মন্তেমুখে এক নয়। 23:8 যেটুকু তুমি খেয়েছ তা তুমি বমি করে ফেলবে, আর তোমার করা প্রশংসা মিথ্যা হয়ে যাবে। 23:9 বিবেচনাহীন লোকের কাছে কথা বোলো না; তোমার কথার মধ্যে যে জ্ঞান রয়েছে তা সে তুচ্ছ করবে। 23:10 সীমানার পুরানো চিহ্ন্তপাথর তুমি সরিয়ে দিয়ো না কিংবা এতিমদের জমি দখল কোরো না, 23:11 কারণ তাদের মুক্তিদাতা শক্তিশালী; তিনি তোমার বিরুদ্ধে মামলায় আত্মীয় হিসাবে তাদের পক্ষ নেবেন। 23:12 তুমি শিক্ষার দিকে মন দাও, আর জ্ঞানের কথায় কান দাও। 23:13 ছেলে বা মেয়েকে শাসন করতে অবহেলা কোরো না; তাকে লাঠি দিয়ে মারলে সে মরবে না। 23:14 তাকে অবশ্যই তুমি লাঠি দিয়ে মেরে শাস্তি দেবে, তাতে কবর থেকে তাকে রক্ষা করবে। 23:15 ছেলে আমার, তোমার অন্তর যদি জ্ঞানপূর্ণ হয় তবে আমার অন্তর সুখী হবে, হ্যাঁ, আমি সুখী হব। 23:16 যখন তোমার মুখ ঠিক কথা বলবে তখন আমার অন্তর আনন্দিত হবে। 23:17 তোমার অন্তর গুনাহ্‌গারদের হিংসা না করুক, বরং সব সময় মাবুদের প্রতি ভয়ে তুমি চলাফেরা কর। 23:18 তাহলে তোমার ভবিষ্যতের আশা আছে, আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না। 23:19 ছেলে আমার, কথা শোন, জ্ঞানী হও, তোমার অন্তর ঠিক পথে চালাও। 23:20 যারা বেশী পরিমাণে আংগুর-রস খায় কিংবা যারা পেটুক ও বেশী গোশ্‌ত খায়, তুমি তাদের সংগে যোগ দিয়ো না; 23:21 কারণ মাতাল ও পেটুকেরা গরীব হয়ে যায়, আর ঘুম ঘুম ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়। 23:22 তোমার বাবার কথা শোন যিনি তোমাকে জন্ম দিয়েছেন; তোমার মা বুড়ী হয়ে গেলে তাকে তুচ্ছ কোরো না। 23:23 যে কোন মূল্যেই হোক না কেন সত্য, জ্ঞান, শিক্ষা এবং বিচারবুদ্ধি লাভ কর; কোন কিছুর বদলে তা অন্যকে দিয়ো না। 23:24 আল্লাহ্‌ভক্ত লোকের পিতা মহা আনন্দ লাভ করেন; জ্ঞানী ছেলের বাবা তাঁর ছেলের দ্বারা সুখী হন। 23:25 তোমার মা-বাবা যেন সুখী হন; যিনি তোমাকে প্রসব করেছেন তিনি যেন আনন্দিতা হন। 23:26 ছেলে আমার, আমার শিক্ষায় মনোযোগ দাও; আমার জীবন দেখে যেন তুমি খুশী হও। 23:27 দেখ, বেশ্যা গভীর গর্তের মত, আর বিপথে যাওয়া স্ত্রীলোক যেন সরু গর্ত। 23:28 ঐ রকম স্ত্রীলোক ডাকাতের মত ওৎ পেতে থাকে, আর মানুষের মধ্যে বেঈমান লোকদের সংখ্যা বাড়ায়। 23:29 কে হায় হায় করে? কে বিলাপ করে? কে ঝগড়া করে? কে বকবক করে? কে অকারণে আঘাত পায়? কার চোখ লাল হয়? 23:30 যারা অনেকক্ষণ ধরে মদ খায় তাদেরই এই রকম হয়; তারা মিশানো মদ খেয়ে দেখবার জন্য তার খোঁজে যায়। 23:31 মদের দিকে তাকায়ো না যদিও তা লাল রংয়ের, যদিও তা পেয়ালায় চক্‌মক্‌ করে, যদিও তা সহজে গলায় নেমে যায়; 23:32 শেষে তা সাপের মত কামড়ায়, আর বিষাক্ত সাপের মত কামড় দেয়। 23:33 তোমার চোখ তখন অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখবে আর মন এলোমেলো কথা চিন্তা করবে। 23:34 তুমি হবে মহাসমুদ্রে ঘুমিয়ে থাকা লোকের মত, কিংবা মাস-ুলের উপরে শুয়ে থাকা লোকের মত। 23:35 তুমি বলবে, “ওরা আমাকে আঘাত করেছে কিন্তু আমি ব্যথা পাই নি, আমাকে ওরা মেরেছে কিন্তু আমি টের পাই নি। কখন আমি জেগে উঠে আবার মদের খোঁজে যাব?”