Proverbs 25
25:1 এগুলো সোলায়মানের বলা আরও সৎ উপদেশ। এহুদার বাদশাহ্ হিষ্কিয়ের লোকেরা এগুলো সংগ্রহ করে আবার লিখে নিয়েছিলেন।
25:2 আল্লাহ্ কোন বিষয় গোপন রাখলে তাতে তাঁর গৌরব হয়; বাদশাহ্রা কোন বিষয় তদন্ত করে প্রকাশ করলে তাতে তাঁদের গৌরব হয়।
25:3 আসমান যেমন উঁচু আর দুনিয়া গভীর, তেমনি বাদশাহ্দের অন্তরের তালাশ করা যায় না।
25:4 রূপা থেকে খাদ বের করে ফেল, তাহলে স্বর্ণকার তা দিয়ে সুন্দর জিনিস তৈরী করতে পারবে।
25:5 দুষ্ট কর্মচারীকে বাদশাহ্র সামনে থেকে সরিয়ে দাও, তাহলে ন্যায় কাজের মধ্য দিয়ে তাঁর সিংহাসন স্থির থাকবে।
25:6 বাদশাহ্র সামনে নিজেকে জাহির কোরো না; মহৎ লোকদের মধ্যে নিজের জন্য স্থান দাবি কোরো না;
25:7 কারণ তুমি যেমন আগে হতে দেখেছ সেইভাবে উঁচু পদের লোকের সামনে নীচু হওয়ার চেয়ে বরং তোমাকে বলা ভাল, “এখানে উঠে আসুন।”
25:8 তাড়াতাড়ি আদালতে যেয়ো না, কারণ শেষে তোমার প্রতিবেশী যদি তোমাকে লজ্জায় ফেলে তখন তুমি কি করবে?
25:9 প্রতিবেশীর বিরুদ্ধে যদি মামলা কর তবে অন্যের গোপন কথা প্রকাশ করে দিয়ো না;
25:10 যদি তা কর তাহলে যে শুনবে সে তোমার নিন্দা করবে, আর তোমার বদনাম কখনও ঘুচবে না।
25:11 সময়মত বলা কথা যেন কারুকাজ করা রূপার উপরে বসানো সোনার ফল।
25:12 সোনার দুল কিংবা ভাল সোনার গহনা যেমন, তেমনি বাধ্য লোকের কানে জ্ঞানী লোকের সংশোধনের কথা।
25:13 বিশ্বস্ত সংবাদদাতা তার মালিকদের কাছে যেন ফসল কাটবার সময়ে ঠাণ্ডা তুষার; কারণ যারা তাকে পাঠিয়েছিল সে সেই মালিকদের প্রাণ জুড়ায়।
25:14 যে লোক দান করবার বিষয়ে বড় বড় কথা বলে অথচ তা করে না, সে এমন কুয়াশা ও বাতাসের মত যার সাথে কোন বৃষ্টি আসে না।
25:15 রাগ দমনে রাখলে নেতাকে নিজের পক্ষে আনা যায়; নম্র কথাবার্তা হাড় ভেংগে ফেলতে পারে।
25:16 তুমি মধু পেলে পরিমাণ মত খেয়ো, বেশী খেলে বমি করবে।
25:17 প্রতিবেশীর ঘরে কম যেয়ো, বেশী গেলে সে তোমাকে অপছন্দ করবে।
25:18 যে লোক প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় সে গদা, তলোয়ার ও ধারালো তীরের মত।
25:19 বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর ভরসা করা খারাপ দাঁত ও খোঁড়া পায়ের মত।
25:20 যার মন খারাপ তার কাছে যে গজল করে সে এমন লোকের মত যে শীতের দিনে কাপড় খুলে ফেলে কিংবা সোডার উপরে সিরকা দেয়।
25:21 তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও, যদি তার পিপাসা পায় তাকে পানি দাও;
25:22 তা করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে, আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন।
25:23 উত্তর দিকের বাতাস যেমন বৃষ্টি আনে, তেমনি নিন্দাকারীর কথায় অন্যের মুখে রাগের ভাব দেখা যায়।
25:24 ঝগড়াটে স্ত্রীর সংগে ঘরের মধ্যে বাস করবার চেয়ে বরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।
25:25 পিপাসিত লোকের জন্য যেমন ঠাণ্ডা পানি, তেমনি দূর দেশ থেকে আসা ভাল সংবাদ।
25:26 ঘোলা করে ফেলা আর দূষিত করা ঝর্ণার পানি যেমন, দুষ্ট লোকের দরুন গুনাহে পড়া আল্লাহ্ভক্ত লোক তেমনি।
25:27 বেশী মধু খাওয়া ভাল নয়; প্রশংসা পাবার জন্য চেষ্টা করাও ভাল নয়।
25:28 যে লোক নিজেকে দমন করতে পারে না সে এমন শহরের মত যার দেয়াল ভেংগে ফেলা হয়েছে।