Proverbs 26
26:1 গ্রীসমকালে তুষার কিংবা ফসল কাটবার সময় বৃষ্টি যেমন উপযুক্ত নয়, তেমনি বিবেচনাহীন লোকের পক্ষে সম্মানও উপযুক্ত নয়।
26:2 চড়াই কিংবা খঞ্জন পাখী যেমন এদিক ওদিক উড়ে বেড়ায়, তেমনি অকারণে দেওয়া বদদোয়াও নেমে আসে না।
26:3 ঘোড়ার জন্য চাবুক, গাধার গলার জন্য লাগাম, আর বিবেচনাহীনদের পিঠের জন্য লাঠি।
26:4 প্রয়োজন বোধে বিবেচনাহীনকে তার বোকামি অনুসারে জবাব দিয়ো না, জবাব দিলে তুমিও তার মত হয়ে যাবে।
26:5 প্রয়োজন বোধে বিবেচনাহীনের বোকামি অনুসারে জবাব দিয়ো, তা না হলে সে তার নিজের চোখে নিজেকে জ্ঞানী মনে করবে।
26:6 যে লোক বিবেচনাহীনের হাতে খবর পাঠায় সে যেন নিজের পা কেটে ফেলে এবং বিপদ ডেকে আনে।
26:7 খোঁড়া লোকের ঝুলতে থাকা পা যেমন অকেজো, বিবেচনাহীনের মুখে সৎ উপদেশও তেমনি।
26:8 যে লোক গুল্তিতে পাথর বেঁধে রাখে সে এমন লোকের মত যে বিবেচনাহীনকে সম্মান করে।
26:9 মাতালের হাতে ফুটে যাওয়া কাঁটা যেমন, তেমনি বিবেচনাহীনের মুখে সৎ উপদেশ।
26:10 একজন ধনুকধারী যেমন এলোপাতাড়ি তীর ছুঁড়ে সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই লোক, যে বিবেচনাহীনকে কিংবা পথের লোককে কাজে লাগায়।
26:11 কুকুর যেমন নিজের বমির দিকে ফেরে, তেমনি বিবেচনাহীন লোকও আবার বোকামি করে।
26:12 তুমি কি এমন লোককে দেখেছ যে তার নিজের চোখে জ্ঞানী? তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
26:13 অলস বলে, “পথে সিংহ আছে; ভয়ংকর একটা সিংহ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।”
26:14 কব্জায় যেমন দরজা ঘোরে তেমনি অলস তার বিছানাতে ঘোরে।
26:15 অলস থালায় হাত ডুবায়, হাতটা মুখে তুলতেও তার আলসেমি লাগে।
26:16 যারা চিন্তা-ভাবনা করে জবাব দেয় তেমন সাতজন লোকের চেয়ে অলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।
26:17 পথে যেতে যেতে যে লোক অন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়, সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।
26:18 যে পাগল জ্বলন্ত কাঠ বা তীর ছোঁড়ে যার ফলে মৃত্যু হতে পারে সেই পাগল যেমন,
26:19 তেমনি সেই লোক যে প্রতিবেশীর সংগে ছলনা করে আর বলে, “আমি কেবল তামাশা করছিলাম।”
26:20 আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়; নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায়।
26:21 জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলে আর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়, তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্য ঝগড়াটে লোক।
26:22 নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত; মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।
26:23 মাটির পাত্রের উপরে যেমন খাদ মিশানো রূপার প্রলেপ, যার অন্তর খারাপ তার ভালবাসার কথাও তেমনি।
26:24 ঘৃণাকারী মুখ দিয়ে ভান করে, কিন্তু অন্তরে পোষে ছলনা।
26:25 তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না, কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।
26:26 তার ঘৃণা যদিও ছলনা দিয়ে লুকানো থাকে তবুও তার দুষ্টতা সমাজের মধ্যে প্রকাশ পাবে।
26:27 যে লোক গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়ে; যে লোক পাথর গড়িয়ে দেয় তার উপরেই সেটা ফিরে আসে।
26:28 মিথ্যাবাদী তার জিভ্ দিয়ে যাদের আঘাত করেছে তাদের সে ঘৃণা করে, আর খোশামুদে মুখ অন্যের সর্বনাশ ডেকে আনে।