Library · bn

Proverbs 28

28:1 কেউ তাড়া না করলেও দুষ্ট লোক পালায়, কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক সিংহের মত নির্ভয়ে বাস করে। 28:2 দেশের লোকদের অন্যায়ের ফলে অনেক শাসনকর্তা হয়, কিন্তু জ্ঞানী ও বুদ্ধিমান শাসনকর্তা শৃঙ্খলা বজায় রাখেন। 28:3 যে গরীব নেতা অসহায়দের উপর জুলুম করে সে এমন বৃষ্টির ঢলের মত যার পরে আর কোন ফসল থাকে না। 28:4 যারা মাবুদের শরীয়ত ত্যাগ করে তারা দুষ্টদের প্রশংসা করে, কিন্তু যারা তা মানে তারা দুষ্টদের বিরুদ্ধে দাঁড়ায়। 28:5 খারাপ লোকেরা ন্যায়বিচার সম্বন্ধে বোঝে না, কিন্তু যারা মাবুদের ইচ্ছামত চলে তাদের নেকী-বদী বুঝবার শক্তি আছে। 28:6 যে ধনী লোক বাঁকা পথে চলে তার চেয়ে বরং সেই গরীব লোকটি ভাল যে সততায় চলাফেরা করে। 28:7 যে ছেলে শরীয়ত মানে সে বুদ্ধিমান, কিন্তু যে ছেলে পেটুকদের সংগী সে তার পিতার জন্য অসম্মান নিয়ে আসে। 28:8 যে কোন রকম সুদ নিয়ে যে লোক তার ধন বাড়ায়, সে তা এমন একজনের জন্য জমায় যে গরীবদের প্রতি দয়ালু। 28:9 মাবুদের শরীয়তের কথা যদি কেউ শুনেও না শোনে, তবে তার মুনাজাত পর্যন্ত ঘৃণার যোগ্য হয়। 28:10 সৎ লোককে যে কুপথে নিয়ে যায় সে তার নিজের গর্তেই পড়বে, কিন্তু যারা নির্দোষ তাদের উন্নতি হবে। 28:11 ধনী লোক তার নিজের চোখে জ্ঞানী, কিন্তু যে গরীব লোকের বিচারবুদ্ধি আছে সে সেই ধনী লোকের আসল অবস্থা বুঝতে পারে। 28:12 আল্লাহ্‌ভক্ত লোকদের হাতে ক্ষমতা গেলে সকলের উপকার হয়, কিন্তু দুষ্টদের হাতে ক্ষমতা গেলে লোকদের খুঁজে পাওয়া যায় না। 28:13 যে লোক নিজের গুনাহ্‌ গোপন করে তার উন্নতি হয় না, কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে মমতা পায়। 28:14 ধন্য সে লোক যে অন্যায় করতে সব সময় ভয় করে, কিন্তু যে তার অন্তরকে কঠিন করে এবং অন্যায় করতে ভয় করে না সে বিপদে পড়ে। 28:15 গর্জনকারী সিংহ আর আক্রমণকারী ভল্লুক যেমন, তেমনি সেই দুষ্ট লোক যে অসহায় লোকদের শাসনকর্তা হয়। 28:16 যে শাসনকর্তার বিচারবুদ্ধি নেই সে ভীষণ জুলুম করে; যে শাসনকর্তা লোভ ঘৃণা করে সে অনেক দিন বেঁচে থাকে। 28:17 যে লোক খুন করে দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছে মৃত্যু না হওয়া পর্যন্ত সে পালিয়ে বেড়ায়; কেউ তাকে সাহায্য না করুক। 28:18 যার চলাফেরা নির্দোষ সে নিরাপদে থাকে, কিন্তু যে লোক বাঁকা পথে চলে সে হঠাৎ পড়ে যাবে। 28:19 যে লোক নিজের জমিতে পরিশ্রম করে তার প্রচুর খাবার থাকে, কিন্তু যে অসারতার পিছনে দৌড়ায় তার খুব অভাব হয়। 28:20 বিশ্বস্ত লোক অনেক দোয়া পায়, কিন্তু যে ধনী হবার জন্য আকুল হয় সে শাস্তি পাবেই পাবে। 28:21 বিচারে কারও পক্ষ নেওয়া ভাল নয়; যে তা করে সে এক টুকরা রুটির জন্যও অন্যায় করতে পারে। 28:22 যে লোক লোভী সে ধনী হবার জন্য ব্যস্ত হয়, কিন্তু সে জানে না অভাব তার জন্য অপেক্ষা করে আছে। 28:23 যে লোক খোশামুদে কথা বলে তার চেয়ে যে সংশোধনের কথা বলে সে শেষে বেশী সম্মান পায়। 28:24 যে কেউ মা-বাবার জিনিস চুরি করে বলে, “এটা অন্যায় নয়,” সে ধ্বংসকারীর সংগী। 28:25 যে লোক লোভী সে ঝগড়া খুঁচিয়ে তোলে, কিন্তু যে মাবুদের উপর ভরসা করে তার উন্নতি হয়। 28:26 যে নিজের জ্ঞানের উপর ভরসা করে সে বিবেচনাহীন, কিন্তু যে আল্লাহ্‌র দেওয়া বুদ্ধির পথে চলে সে নিরাপদে থাকে। 28:27 যে লোক গরীবকে দান করে তার অভাব হয় না, কিন্তু যে তাদের দেখে চোখ বুঁজে থাকে সে অনেক বদদোয়া কুড়ায়। 28:28 দুষ্ট লোকদের হাতে ক্ষমতা গেলে লোকেরা লুকায়, কিন্তু সেই দুষ্টেরা ধ্বংস হলে আল্লাহ্‌ভক্ত লোকদের সংখ্যা বাড়ে।