Proverbs 31
31:1 বাদশাহ্ লমূয়েলের বলা কথা, অর্থাৎ আল্লাহ্র দেওয়া যে কালাম তাঁর মা তাঁকে শিক্ষা দিয়েছিলেন।
31:2 ছেলে আমার, হে আমার গর্ভের সন্তান, হে আমার মানতের সন্তান, তোমাকে কি বলব?
31:3 স্ত্রীলোকের উপরে তোমার শক্তি ক্ষয় কোরো না; বাদশাহ্দের যা ধ্বংস করে তার কাছে নিজেকে দিয়ে দিয়ো না।
31:4 হে লমূয়েল, বাদশাহ্দের পক্ষে, জ্বী, বাদশাহ্দের পক্ষে মদানো আংগুর-রস খাওয়া উপযুক্ত নয়; মদ খেতে চাওয়া শাসনকর্তাদের পক্ষে উপযুক্ত নয়।
31:5 মদ খেয়ে তারা শরীয়ত ভুলে যেতে পারে, আর অত্যাচারিতদের প্রতি অন্যায় বিচার করতে পারে।
31:6 যারা মরে যাচ্ছে তাদের মদ দাও। যাদের মনে খুব কষ্ট আছে তাদের আংগুর-রস দাও;
31:7 তারা তা খেয়ে তাদের অভাবের কথা ভুলে যাক, তাদের দুঃখ-কষ্ট আর তাদের মনে না থাকুক।
31:8 হে লমূয়েল, যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না তুমি তাদের হয়ে কথা বোলো; অসহায়দের অধিকার রক্ষার জন্য তুমি কথা বোলো।
31:9 চুপ করে থেকো না, ন্যায়বিচার কোরো; দুঃখী আর অভাবীদের অধিকার রক্ষা কোরো।
31:10 ভাল ও গুণবতী স্ত্রী কে পেতে পারে? প্রবাল পাথরের চেয়েও তার মূল্য অনেক বেশী।
31:11 তাঁর উপর তাঁর স্বামী পরিপূর্ণভাবে ভরসা করেন; তাঁর স্বামীর সব দিক থেকে লাভ হয়।
31:12 তাঁর জীবনের সমস্ত সময়েই তিনি স্বামীর ভাল করেন, ক্ষতি করেন না।
31:13 তিনি ভেড়ার লোম ও মসীনা বেছে নিয়ে খুশী মনে নিজের হাতে কাজ করেন।
31:14 তিনি বাণিজ্যের জাহাজের মত দূর থেকে তাঁর খাবার জিনিস আনিয়ে নেন।
31:15 অন্ধকার থাকতেই তিনি ওঠেন; তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেন আর চাকরাণীদের খাবার ভাগ করে দেন।
31:16 কোন জমি কিনবার আগে তিনি সেটা দেখে চিন্তা করেন আর তারপর তা কিনেন; তাঁর নিজের আয় থেকে তিনি আংগুর ক্ষেত করেন।
31:17 তিনি শক্তির সংগে কোমর বেঁধে কাজে হাত দেন এবং খুব পরিশ্রম করেন।
31:18 তিনি দেখতে পান যে, তাঁর পরিশ্রম থেকে লাভ ভালই আসছে; রাতেও তাঁর বাতি জ্বলতে থাকে।
31:19 হাত দিয়ে তিনি সুতা কাটবার টাকু ঘুরান আর আংগুল দিয়ে সুতা কাটেন।
31:20 দুঃখীদের জন্য তাঁর হাত খোলা; তিনি অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেন।
31:21 বরফ পড়লেও পরিবারের জন্য তাঁর কোন ভয় নেই, কারণ তারা সকলেই দামী লাল কাপড় পরে।
31:22 বিছানার জন্য তিনি চাদর তৈরী করেন; তিনি নিজেও মসীনার কাপড় ও দামী বেগুনে কাপড় পরেন।
31:23 তাঁর স্বামী শহরের সদর দরজায় সম্মান লাভ করেন; তিনি সেখানে দেশের বৃদ্ধ নেতাদের সংগে বসেন।
31:24 সেই স্ত্রী মসীনার পোশাক তৈরী করে বিক্রি করেন; কোমর বাঁধবার কাপড় তিনি ব্যবসায়ীদের যোগান দেন।
31:25 ক্ষমতা ও মর্যাদাই হল তাঁর পোশাক; ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে তাঁর কোন চিন্তা-ভাবনা হয় না।
31:26 তিনি বুদ্ধি করে কথা বলেন; ভালবাসার মনোভাব নিয়ে তিনি নির্দেশ দেন।
31:27 তাঁর পরিবারের সমস্ত ব্যাপারের দিকে তিনি লক্ষ্য রাখেন; তিনি পরিশ্রম করে খান।
31:28 তাঁর ছেলেমেয়েরা তাঁকে সকলের সামনে ধন্য বলে; তাঁর স্বামীও তাঁর প্রশংসা করে বলেন,
31:29 “অনেক স্ত্রীলোক তাদের যোগ্যতা দেখিয়েছে, কিন্তু তুমি তাদের সবাইকে ছাড়িয়ে গেছ।”
31:30 সুন্দর ব্যবহার ছলনা করতে পারে, সৌন্দর্য স্থায়ী নয়, কিন্তু যে স্ত্রীলোক মাবুদকে ভয় করে সে প্রশংসা পায়।
31:31 তার কাজের পাওনা সম্মান তাকে দাও; শহরের সদর দরজায় তার কাজই তার প্রশংসা করুক।