Proverbs 30
30:1 আল্লাহ্র দেওয়া কথা যাকির ছেলে আগূর ইথীয়েলের কাছে, জ্বী, ইথীয়েল ও উকলের কাছে বলেছিলেন।
30:2 সত্যিই আমি মানুষ হলেও আমার বুদ্ধি পশুর মত; মানুষের যে বিচারবুদ্ধি আছে তা-ও আমার নেই।
30:3 আমি জ্ঞান লাভ করি নি; আল্লাহ্ পাক সম্বন্ধে আমার কোন জ্ঞান নেই।
30:4 কে বেহেশতে উঠেছেন এবং নেমে এসেছেন? হাতের মুঠোয় কে বাতাস ধরেছেন? কে নিজের কাপড়ের মধ্যে সমস্ত পানি জমা করে রেখেছেন? দুনিয়ার সব দিকের শেষ সীমা কে স্থাপন করেছেন? তাঁর নাম ও তাঁর পুত্রের নাম কি? যদি তুমি জান তবে তা আমাকে বল।
30:5 আল্লাহ্র সমস্ত কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে; যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের ঢাল হন।
30:6 তাঁর কালামের সংগে অন্য কোন কথা যোগ কোরো না; যোগ করলে তিনি তোমার দোষ দেখিয়ে দেবেন, আর তুমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে।
30:7 হে মাবুদ, দু’টি জিনিস আমি তোমার কাছ থেকে চাই; আমি বেঁচে থাকতে থাকতে তুমি তা আমাকে দিতে অস্বীকার কোরো না-
30:8 ছলনা এবং মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে রাখ, আমাকে গরীব বা ধনী কোরো না। যে খাবার আমার দরকার কেবল তা-ই আমাকে দিয়ো,
30:9 তা না হলে হয়তো আমার অতিরিক্ত থাকবে আর আমি তোমাকে অস্বীকার করে বলব, “মাবুদ কে?” কিংবা আমি গরীব হয়ে চুরি করব আর আমার আল্লাহ্র নামের অসম্মান করব।
30:10 মালিকের কাছে গোলামের দুর্নাম কোরো না, তা করলে সেই গোলাম তোমাকে বদদোয়া দেবে আর তুমি দোষী হবে।
30:11 এমন অনেক লোক আছে যারা এই রকম- তারা বাবাকে বদদোয়া দেয় আর মায়ের ভাল চায় না,
30:12 তারা নিজেদের চোখে খাঁটি অথচ নোংরামি থেকে পাক-সাফ হয় নি,
30:13 তাদের চোখ অহংকারে ভরা, তাদের দৃষ্টি ঘৃণায় পূর্ণ,
30:14 তাদের দাঁত যেন তলোয়ার আর চোয়াল যেন ছুরি, যাতে তারা দুনিয়া থেকে দুঃখী লোকদের আর মানুষের মধ্য থেকে অভাবীদের গ্রাস করতে পারে।
30:15 জোঁকের দু’টি মেয়ে আছে, তারা “দাও, দাও” বলে চিৎকার করে। তিনটা জিনিস আছে যা কখনও তৃপ্ত হয় না, আসলে চারটা জিনিস কখনও বলে না, “যথেষ্ট হয়েছে”-
30:16 কবর, বন্ধ্যা স্ত্রীলোক, জমি, যা কখনও পানিতে তৃপ্ত হয় না, আর আগুন, যা কখনও বলে না, “যথেষ্ট হয়েছে।”
30:17 যে চোখ বাবাকে ঠাট্টা করে আর মায়ের কথার বাধ্য হতে ঘৃণার সংগে অস্বীকার করে, সেই চোখ উপত্যকার কাকেরা ঠুক্রে বের করে নেবে, আর শকুনের বাচ্চারা তা খেয়ে ফেলবে।
30:18 তিনটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগে, আসলে চারটা জিনিস আমি বুঝতেই পারি না-
30:19 কেমন করে ঈগল পাখি আকাশে ওড়ে, কেমন করে সাপ পাথরের উপরে চলে, কেমন করে জাহাজ মহাসমুদ্রে চলে, কেমন করে পুরুষ ও যুবতী মেয়ের মিলনের ফলে জীবনের শুরু হয়।
30:20 জেনাকারিণী স্ত্রীলোকের ব্যবহার আমি বুঝতে পারি না; সে জেনা করবার পরে গোসল করে বলে, “আমি তো কোন অন্যায় করি নি।”
30:21 দুনিয়া তিনটার ভারে কাঁপে, আসলে চারটার ভার সে সহ্য করতে পারে না-
30:22 গোলামের ভার যখন সে বাদশাহ্ হয়, নীচমনা লোকের ভার যখন সে পেট ভরে খায়,
30:23 ঘৃণিতা স্ত্রীলোকের ভার যখন সে স্ত্রীর অধিকার পায়, আর বাঁদীর ভার যখন সে কর্ত্রীর স্থান পায়।
30:24 দুনিয়াতে চারটা জিনিস ছোট, তবুও সেগুলো খুব জ্ঞানে পূর্ণ-
30:25 পিঁপড়া এমন এক জাতের প্রাণী যাদের শক্তি খুবই কম, তবুও গরমকালে তারা খাবার জমা করে;
30:26 শাফন এমন এক জাতের প্রাণী যাদের ক্ষমতা খুবই কম, তবুও খাড়া পাথরের গায়ে তারা ঘর বাঁধে;
30:27 পংগপালদের বাদশাহ্ নেই, তবুও তারা সারি বেঁধে এগিয়ে যায়;
30:28 টিক্টিকি হাত দিয়ে ধরা যায়, তবুও সে বাদশাহ্র বাড়ীতে থাকে।
30:29 তিনটা জিনিস আছে যারা গৌরবের সংগে পা ফেলে, আসলে চারটা জিনিস গৌরবের সংগে চলে-
30:30 সিংহ, যে জন্তুদের মধ্যে শক্তিশালী এবং কোন জন্তুর সামনে থেকে পালায় না;
30:31 বুক ফুলিয়ে হাঁটা মোরগ, পুরুষ ছাগল, আর সৈন্যদলে ঘেরা বাদশাহ্।
30:32 যদি তুমি নিজেকে বড় করে তুলে বোকামি কর কিংবা অন্যদের বিরুদ্ধে কুমতলব কর, তবে হাত মুখের উপরে চাপা দাও।
30:33 দুধ ফেটালে যেমন মাখন বের হয়, নাক মোচড়ালে যেমন রক্ত বের হয়, তেমনি রাগকে খুঁচিয়ে তুললে ঝগড়া-বিবাদ বের হয়।