Song of Songs 2
2:1 আমি যেন শারোণের একটা গোলাপ, উপত্যকার লিলি ফুল।
2:2 কাঁটাবনের মধ্যে যেমন লিলি ফুল, মেয়েদের মধ্যে তেমনি আমার প্রিয়া।
2:3 বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়। আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই, আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।
2:4 তিনি আমাকে মেজবানীর ঘরে নিয়ে গেলেন, আর নিশান টাংগাবার মত করে আমার প্রতি তাঁর ভালবাসা ঘোষণা করলেন।
2:5 কিশ্মিশ খাইয়ে আমাকে শক্তিশালী কর আর আপেল খাইয়ে আমাকে তাজা করে তোলো, কারণ ভালবাসায় আমি দুর্বল হয়ে গেছি।
2:6 আমার মাথার নীচে আছে তাঁর বাঁ হাত, আর ডান হাত আমাকে জড়িয়ে ধরেছে।
2:7 হে জেরুজালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
2:8 ঐ শোন, আমার প্রিয়ের শব্দ, ঐ দেখ, তিনি আসছেন; তিনি পাহাড়-পর্বতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছেন।
2:9 আমার প্রিয় যেন কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চা। ঐ দেখ, তিনি আমাদের দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, জাফ্রির মধ্য দিয়ে উঁকি মারছেন।
2:10 আমার প্রিয় আমাকে বললেন, “প্রিয়া আমার, ওঠো; সুন্দরী আমার, আমার সংগে এস।
2:11 দেখ, শীতকাল চলে গেছে; বর্ষা শেষ হয়েছে, চলেও গেছে।
2:12 মাঠে মাঠে ফুল ফুটেছে, এসেছে গানের মৌসুম; আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।
2:13 ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; আংগুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে। প্রিয়া আমার, ওঠো, এস; সুন্দরী আমার, এস আমার সংগে।”
2:14 ঘুঘু আমার, তুমি পাহাড়ের ফাটলে, পাহাড়ের গায়ের লুকানো জায়গায় রয়েছ; আমাকে তোমার মুখ দেখাও, তোমার গলার আওয়াজ শুনতে দাও, কারণ তোমার স্বর মিষ্টি আর মুখের চেহারা সুন্দর।
2:15 তোমরা সেই শিয়ালগুলোকে, সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর, কারণ তারা আমাদের আংগুর ক্ষেতগুলো নষ্ট করে; আমাদের আংগুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে।
2:16 আমার প্রিয় আমারই আর আমি তাঁরই; তিনি লিলি ফুলের বনে চরেন।
2:17 হে আমার প্রিয়, তুমি ফিরে এসো; যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ তুমি থাক। খাড়া পাহাড়ের উপরে তুমি কৃষ্ণসার কিংবা বাচ্চা হরিণের মত হও।