Library · bn

Song of Songs 3

3:1 রাতের বেলায় আমার বিছানায় আমার প্রাণের প্রিয়তমকে আমি খুঁজছিলাম; আমি তাঁকে খুঁজছিলাম, কিন্তু পেলাম না। 3:2 আমি ভাবলাম, আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব, ঘুরে বেড়াব রাস্তায় রাস্তায়, চকে চকে; সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব; আমি তাঁর খোঁজ করছিলাম কিন্তু তাঁকে পেলাম না। 3:3 পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময় আমাকে দেখতে পেল। আমি তাদের জিজ্ঞাসা করলাম, “তোমরা কি আমার প্রাণের প্রিয়তমকে দেখেছ?” 3:4 তাদের পার হয়ে এগিয়ে যেতেই আমি আমার প্রাণের প্রিয়তমের দেখা পেলাম। তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্ত আমি তাঁকে ছাড়লাম না; যিনি আমাকে গর্ভে ধরেছিলেন আমি তাঁরই ঘরে তাঁকে আনলাম। 3:5 হে জেরুজালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়। 3:6 মরুভূমি থেকে ধোঁয়ার থামের মত যে আসছে সে কে? সেই ধোঁয়ার থামে রয়েছে বণিকের সব রকম মসলার, গন্ধরসের ও খোশবু ধূপের সুগন্ধ। 3:7 দেখ, ওটা সোলায়মানের পালকী! ষাটজন বীর যোদ্ধা রয়েছেন সেই পালকীর চারপাশে; তাঁরা ইসরাইলের সবচেয়ে শক্তিশালী বীর। 3:8 তাঁদের সবার সংগে আছে তলোয়ার, যুদ্ধে তাঁরা সবাই পাকা; তলোয়ার কোমরে বেঁধে নিয়ে তাঁরা প্রত্যেকে প্রস্তুত রয়েছেন রাতের বিপদের জন্য। 3:9 বাদশাহ্‌ সোলায়মান এই পালকী তৈরী করেছেন নিজের জন্য, তৈরী করেছেন লেবাননের কাঠ দিয়ে। 3:10 সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী, তলাটা তৈরী সোনার, আসনটা তার বেগুনে রংয়ের; জেরুজালেমের মেয়েরা ভালবেসে তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে। 3:11 হে সিয়োনের মেয়েরা, তোমরা বের হয়ে এস, দেখ, বাদশাহ্‌ সোলায়মান তাজ পরে আছেন; তাঁর বিয়ের দিনে, তাঁর মনের আনন্দের দিনে, তাঁর মা তাঁকে তাজ পরিয়ে দিয়েছেন।