Library · bn

Hosea 11

11:1 মাবুদ বলছেন, “ইসরাইলের ছেলেবেলায় আমি তাকে মহব্বত করতাম এবং মিসর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম। 11:2 কিন্তু আমি ইসরাইলকে যত ডাকলাম ততই সে আমার কাছ থেকে দূরে সরে গেল। তার লোকেরা বাল দেবতার কাছে পশু-উৎসর্গ করতে থাকল এবং মূর্তিগুলোর কাছে ধূপ জ্বালাতে লাগল। 11:3 আমিই আফরাহীমকে হাঁটতে শিখিয়েছিলাম, আমিই তাকে কোলে নিতাম; কিন্তু তার লোকেরা বুঝল না যে, আমিই তাদের সুস্থ করেছিলাম। 11:4 আমি স্নেহের দড়ি ও মহব্বতের বাঁধন দিয়ে তাদের চালাতাম; তাদের কাঁধের উপর থেকে জোয়াল তুলে নিতাম ও নীচু হয়ে তাদের খাওয়াতাম। 11:5 “বনি-ইসরাইলরা মন ফিরাতে রাজী হয় নি বলে তারা মিসরে ফিরে যাবে না, বরং আশেরিয়া তাদের উপর রাজত্ব করবে। 11:6 তাদের শহরে শহরে ভীষণ যুদ্ধ হবে; তাতে তাদের দরজাগুলোর আগল ধ্বংস হবে এবং তাদের পরিকল্পনার দরুন তারা শেষ হয়ে যাবে। 11:7 আমার বান্দারা আমার কাছ থেকে ফিরে যাওয়া স্থির করেছে। সেইজন্য তারা আল্লাহ্‌তা’লাকে, অর্থাৎ আমাকে ডাকলেও আমি তাদের মোটেই সাহায্য করব না। 11:8 “আফরাহীম, আমি কি করে তোমাকে ত্যাগ করব? ইসরাইল, আমি কেমন করে তোমাকে অন্যের হাতে তুলে দেব? কি করে আমি তোমাকে অদ্‌মার ও সবোয়িমের মত ধ্বংস করব? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সব মমতা জেগে উঠেছে। 11:9 আমার ভয়ংকর রাগ আমি প্রকাশ করব না, আফরাহীমকে আর ধ্বংস করব না, কারণ আমি আল্লাহ্‌, মানুষ নই; আমি তোমার মধ্যে থাকা আল্লাহ্‌ পাক। আমি রাগ নিয়ে আসব না। 11:10 তোমার লোকেরা আমার পিছনে পিছনে যাবে, কারণ আমি সিংহের মত ডাকব। আমি ডাকলে পর আমার সন্তানেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে। 11:11 মিসর থেকে পাখীর মত, আশেরিয়া থেকে ঘুঘুর মত তারা কাঁপতে কাঁপতে আসবে। আমি তাদের বাড়ী-ঘরে তাদের বসিয়ে দেব। আমি মাবুদ এই কথা বলছি।” 11:12 মাবুদ বলছেন, “আফরাহীমের মিথ্যা কথা, ইসরাইলের ছলনা আমার চারদিকে রয়েছে। এহুদা আল্লাহ্‌র, অর্থাৎ সেই বিশ্বস্ত আল্লাহ্‌ পাকের অবাধ্য হয়েছে।