Library · bn

Hosea 12

12:1 আফরাহীম বাতাস খায়; সে সারাদিন পূর্বের বাতাসের পিছনে তাড়া করে এবং মিথ্যা কথা ও জুলুম বাড়িয়ে তোলে। সে আশেরিয়ার সংগে সন্ধি করেছে এবং মিসরকে জলপাইয়ের তেল পাঠিয়েছে।” 12:2 এহুদার বিরুদ্ধে মাবুদের একটা নালিশ আছে; ইয়াকুবের আচার-ব্যবহার অনুসারে তিনি তাকে শাস্তি দেবেন এবং তার কাজ অনুসারে ফল দেবেন। 12:3 পেটে থাকতে ইয়াকুব তার ভাইয়ের গোড়ালী ধরেছিল; বয়সকালে সে আল্লাহ্‌র সংগে যুদ্ধ করেছিল। 12:4 সে ফেরেশতার সংগে যুদ্ধ করে তাঁকে হারিয়ে দিয়েছিল; সে দয়া পাবার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছিল। সে বেথেলে মাবুদকে পেয়েছিল এবং সেখানে মাবুদ আমাদের সংগে কথা বলেছিলেন। 12:5 তিনিই মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন; মাবুদ নামেই লোকে তাঁকে স্মরণ করে। 12:6 এখন হে ইয়াকুব-বংশের লোকেরা, তোমাদের আল্লাহ্‌র কাছে তোমরা ফিরে এস; তোমরা বিশ্বস্ততা ও ন্যায়বিচার রক্ষা কর এবং সর্বদা তোমাদের আল্লাহ্‌র অপেক্ষায় থাক। 12:7 মাবুদ বলছেন, “ব্যবসায়ী আফরাহীম ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করে; সে জোরজুলুম করতে ভালবাসে। 12:8 সে বলে, ‘আমি খুব ধনী হয়েছি, অনেক ধন-সম্পদ জমা করেছি। আমার সব কাজের মধ্যে লোকে আমার কোন দোষ বা গুনাহ্‌ খুঁজে পাবে না।’ 12:9 কিন্তু হে আফরাহীম, আমিই তোমার মাবুদ আল্লাহ্‌; আমি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছি। তোমার নির্দিষ্ট ঈদের সময়ের মত করে আমি আবার তোমাকে তাম্বুতে বাস করাব। 12:10 আমি নবীদের কাছে কথা বলেছি, তাদের অনেক দর্শন দিয়েছি এবং তাদের মধ্য দিয়ে রূপক অর্থে অনেক কথা বলেছি।” 12:11 গিলিয়দ অন্যায়ে পূর্ণ; তার লোকেরা অপদার্থ। তারা গিল্‌গলে অনেক বলদ উৎসর্গ করে। তাদের বেদীগুলো চাষ করা জমিতে পাথরের ঢিবির মত অনেক। 12:12 ইয়াকুব সিরিয়া দেশে পালিয়ে গিয়েছিল; স্ত্রী পাবার জন্য ইসরাইল মজুরের কাজ ও ভেড়া চরাবার কাজ করেছিল। 12:13 মিসর থেকে ইসরাইলকে নিয়ে আসবার জন্য মাবুদ একজন নবীকে ব্যবহার করেছিলেন; তাঁকে দিয়ে তিনি তার দেখাশোনা করেছিলেন। 12:14 কিন্তু আফরাহীম মাবুদকে ভীষণ রাগিয়ে তুলেছিল; সেইজন্য তার মালিক তার খারাপ কাজের জন্য তাকেই দায়ী করবেন এবং সে যে অপমান করেছে সেই অপমান তাকেই ফিরিয়ে দেবেন।