Library · bn

Numbers 8

8:1 মাবুদ মূসাকে বললেন, 8:2 “তুমি হারুনকে বল, বাতিদানের সাতটা বাতি তাকে এমনভাবে বসাতে হবে যাতে সেগুলোর আলো বাতিদানের সামনের জায়গাটায় পড়ে।” 8:3 হারুন তা-ই করলেন। মূসাকে দেওয়া মাবুদের হুকুম মতই তিনি বাতিগুলো এমনভাবে বসালেন যাতে বাতিদানের উপর সেগুলোর সল্‌তে সামনের দিকে থাকে। 8:4 বাতিদানটার গোড়া থেকে আগার ফুলগুলো পর্যন্ত সবটাই সোনা পিটিয়ে তৈরী করা হয়েছিল। মাবুদ মূসাকে যে নমুনা দেখিয়েছিলেন ঠিক সেইরকম করেই বাতিদানটা তৈরী করা হয়েছিল। 8:5 মাবুদ মূসাকে বললেন, 8:6 “তুমি অন্যান্য বনি-ইসরাইলদের মধ্য থেকে লেবীয়দের বের করে নিয়ে তাদের পাক-সাফ কর। 8:7 এইভাবে তুমি তাদের পাক-সাফ করবে: তাদের উপর পাক-সাফ করবার পানি ছিটিয়ে দেবে। তারপর তারা তাদের সারা শরীর কামিয়ে কাপড়-চোপড় ধুয়ে নিজেদের পাক-সাফ করে নেবে। 8:8 পরে তারা একটা ষাঁড় এবং এর সংগেকার শস্য-কোরবানীর জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দা নিয়ে আসবে। গুনাহের কোরবানীর জন্য তোমাকে আর একটা ষাঁড় আনিয়ে নিতে হবে। 8:9 এর পরে তুমি মিলন-তাম্বুর সামনে লেবীয়দের নিয়ে আসবে এবং সমস্ত বনি-ইসরাইলদের সেখানে জমায়েত করবে। 8:10 লেবীয়দের তুমি মাবুদের সামনে আনবে এবং বনি-ইসরাইলরা তাদের উপর হাত রাখবে। 8:11 হারুন বনি-ইসরাইলদের মধ্য থেকে দোলন-কোরবানী হিসাবে লেবীয়দের মাবুদের সামনে উপস্থিত করবে যেন তারা মাবুদের কাজে হাত দিতে পারে। 8:12 তারপর লেবীয়রা সেই দু’টা ষাঁড়ের উপর হাত রাখবে আর তুমি তার একটা দিয়ে মাবুদের উদ্দেশে গুনাহের কোরবানী এবং অন্যটা দিয়ে পোড়ানো-কোরবানী করে তাদের গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করবে। 8:13 লেবীয়দের তুমি হারুন ও তার ছেলেদের সামনে দাঁড় করাবে এবং মাবুদের কাছে দোলন-কোরবানী হিসাবে তাদের কোরবানী করবে। 8:14 এইভাবে তুমি অন্যান্য বনি-ইসরাইলদের থেকে লেবীয়দের আলাদা করে নেবে, আর তাতে তারা আমার হবে। 8:15 “এইভাবে লেবীয়দের পাক-সাফ করে নিয়ে দোলন-কোরবানী হিসাবে দান করবার পরে তারা মিলন-তাম্বুতে কাজ করবার জন্য আসবে। 8:16 সমস্ত বনি-ইসরাইলদের মধ্য থেকে এরাই সম্পূর্ণভাবে আমার, আর কারও নয়। প্রত্যেক ইসরাইলীয় স্ত্রীলোকের প্রথম পুরুষ সন্তানের বদলে আমি লেবীয়দের আমার নিজের করে নিচ্ছি। 8:17 প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি ইসরাইলীয় পুরুষ সন্তান আমার- সে মানুষেরই হোক বা পশুরই হোক। মিসরীয়দের প্রথম পুরুষ সন্তান মেরে ফেলবার সময় আমি বনি-ইসরাইলদের প্রথম পুরুষ সন্তান আমার জন্য পবিত্র করে রেখেছিলাম। 8:18 প্রথমে জন্মেছে সেই সমস্ত ইসরাইলীয় সন্তানদের জায়গায় আমি এখন লেবীয়দের কবুল করছি। 8:19 বনি-ইসরাইলদের মধ্যেকার এই লেবীয়দের আমি হারুন ও তার ছেলেদের দান করছি, যাতে তারা বনি-ইসরাইলদের হয়ে মিলন-তাম্বুতে কাজ করে এবং তাদের গুনাহ্‌ ঢাকবার ব্যবস্থা করে। তার ফলে বনি-ইসরাইলরা পবিত্র তাম্বুর কাছে গেলেও তাদের উপর কোন বিপদ নেমে আসবে না।” 8:20 মাবুদ লেবীয়দের সম্বন্ধে মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন মূসা, হারুন এবং অন্য সমস্ত বনি-ইসরাইল লেবীয়দের নিয়ে তা-ই করলেন। 8:21 লেবীয়রা নিজেদের পাক-সাফ করে নিল এবং কাপড়-চোপড় ধুয়ে ফেলল। তারপর হারুন মাবুদের উদ্দেশে দোলন-কোরবানী হিসাবে তাদের দান করলেন এবং পাক-সাফ করে নেবার জন্য তাদের গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করলেন। 8:22 এর পর লেবীয়রা হারুন ও তার ছেলেদের অধীনে মিলন-তাম্বুতে তাদের কাজ করতে গেল। মাবুদ মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন তারা লেবীয়দের নিয়ে ঠিক তা-ই করলেন। 8:23 পরে মাবুদ মূসাকে বললেন, 8:24 “লেবীয়দের সম্বন্ধে এই নিয়ম থাকবে যে, তাদের মধ্যে পঁচিশ কিংবা তার বেশী বয়সের লোকেরা মিলন-তাম্বুর কাজ করতে আসবে, 8:25 কিন্তু পঞ্চাশ বছর বয়সের পরে ঐ কাজ থেকে তাদের অবসর নিতে হবে; তারা আর কাজ করবে না। 8:26 তখন এই লোকেরা মিলন-তাম্বুতে তাদের ভাইদের সংগে দেখাশোনার কাজে সাহায্য করতে পারবে কিন্তু নিজেরা কোন কাজে হাত দিতে পারবে না। এই নিয়ম অনুসারে তুমি লেবীয়দের কাজ ঠিক করে দেবে।”