Library · bn

Numbers 9

9:1 বনি-ইসরাইলরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার দ্বিতীয় বছরের প্রথম মাসে সিনাই মরুভূমিতে মাবুদ মূসাকে বললেন, 9:2 “বনি-ইসরাইলরা যেন নির্দিষ্ট সময়ে উদ্ধার-ঈদ পালন করে। 9:3 তারা যেন নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর সমস্ত নিয়ম-কানুন অনুসারে এই ঈদ পালন করে।” 9:4 এই কথা শুনে মূসা বনি-ইসরাইলদের উদ্ধার-ঈদ পালন করতে বললেন। 9:5 তাতে তারা বছরের প্রথম মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর সিনাই মরুভূমিতে তা পালন করল। মাবুদ মূসাকে যে হুকুম দিয়েছিলেন বনি-ইসরাইলরা ঠিক সেইমতই সব কিছু করল। 9:6 সেই সময় তাদের মধ্যে কয়েকজন লোক একটা মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন নাপাক অবস্থায় পড়ে সেই দিন উদ্ধার-ঈদ পালন করতে পারল না। তারা সেই দিনই মূসা ও হারুনের কাছে গেল। 9:7 তারা মূসাকে বলল, “একটা মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন আমরা নাপাক অবস্থায় আছি। তাই বলে অন্যান্য বনি-ইসরাইলদের সংগে আমরা নির্দিষ্ট সময়ে মাবুদের উদ্দেশে কোরবানী দিতে পারব না কেন?” 9:8 জবাবে মূসা বললেন, “তোমাদের সম্বন্ধে মাবুদের হুকুম জেনে না নেওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা কর।” 9:9 তখন মাবুদ মূসাকে বললেন, 9:10 “বনি-ইসরাইলদের বল যে, তাদের কিংবা তাদের বংশধরদের মধ্যে যদি কেউ কেউ মৃতদেহের ছোঁয়া লাগবার দরুন নাপাক অবস্থায় পড়ে কিংবা তারা যদি লম্বা যাত্রাপথে থাকে তবুও তারা মাবুদের উদ্দেশে উদ্ধার-ঈদ পালন করতে পারবে। 9:11 দ্বিতীয় মাসের চৌদ্দ দিনের দিন বেলা ডুবে গেলে পর তাদের এই ঈদ পালন করতে হবে। খামিহীন রুটি আর তেতো শাকের সংগে তাদের উদ্ধার-ঈদের গোশ্‌ত খেতে হবে। 9:12 সকাল পর্যন্ত কিছু ফেলে রাখা চলবে না কিংবা কোন হাড় ভাংগা চলবে না। উদ্ধার-ঈদ পালনের সময় সমস্ত নিয়ম তাদের মেনে চলতে হবে। 9:13 কিন্তু নাপাক নয় কিংবা যাত্রাপথেও নয় এমন কোন লোক যদি উদ্ধার-ঈদ পালন না করে, তবে সে নির্দিষ্ট সময়ে মাবুদের উদ্দেশে কোরবানী দেয় নি বলে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে। তাকে তার গুনাহের ফল ভোগ করতেই হবে। 9:14 “ইসরাইলীয়দের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি মাবুদের উদ্দেশে উদ্ধার-ঈদ পালন করতে চায়, তবে তাকে এই ঈদের নিয়ম-কানুন অনুসারেই তা পালন করতে হবে। ইসরাইলীয় এবং অন্য জাতির সবাইকে একই নিয়ম পালন করতে হবে।” 9:15 যেদিন আবাস-তাম্বু, অর্থাৎ সাক্ষ্য-তাম্বু খাটানো হল সেই দিন সেটি মাবুদের মেঘে ঢেকে গেল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবাস-তাম্বুর উপরকার সেই মেঘ আগুনের মত দেখাল। 9:16 তারপর থেকে অবস্থাটা ঐরকমই হতে লাগল। আবাস-তাম্বুটি সেই মেঘে ঢাকা থাকত আর রাতের বেলায় তা আগুনের মত দেখাত। 9:17 আবাস-তাম্বুর উপর থেকে যখন মেঘ সরে যেত তখন বনি-ইসরাইলরা যাত্রা শুরু করত। কিন্তু যেখানে সেই মেঘ স্থির হয়ে দাঁড়াত সেখানে তারা তাম্বু ফেলত। 9:18 মাবুদের হুকুমেই তারা যাত্রা করত আবার মাবুদের হুকুমেই তাম্বু ফেলত। আবাস-তাম্বুর উপর যতক্ষণ মেঘ থাকত বনি-ইসরাইলরা ততক্ষণ তাম্বু ফেলে সেখানেই থাকত। 9:19 আবাস-তাম্বুর উপরে মেঘ যখন বেশী দিন ধরে থাকত বনি-ইসরাইলরা তখন মাবুদের নির্দেশ মেনে নিয়ে যাত্রা বন্ধ রাখত। 9:20 কখনও কখনও মেঘ আবাস-তাম্বুর উপরে মাত্র কয়েক দিন থাকত। বনি-ইসরাইলরা মাবুদের হুকুমে তাম্বু ফেলত আবার তাঁরই হুকুমে যাত্রা শুরু করত। 9:21 কখনও কখনও মেঘ মাত্র সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকত। সকালবেলায় মেঘ সরে গেলে পর তারা আবার যাত্রা শুরু করত। মেঘ সরে গেলেই তারা চলতে শুরু করত- তা দিনেই হোক বা রাতেই হোক। 9:22 দু’দিন হোক বা এক মাস হোক কিংবা তার বেশী সময় হোক, যতদিন মেঘ আবাস-তাম্বুর উপরে থাকত বনি-ইসরাইলরা তাম্বু ফেলে সেখানেই থাকত, যাত্রা করত না। কিন্তু মেঘ সরে গেলেই তারা আবার চলতে শুরু করত। 9:23 মাবুদের হুকুমেই তারা তাম্বু ফেলত আবার মাবুদের হুকুমেই যাত্রা করত। মূসার মধ্য দিয়ে দেওয়া হুকুম অনুসারেই তারা মাবুদের নির্দেশ মেনে চলত।